'বন্দুকযুদ্ধে' শিবির নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোলায়মান কবির (২০) নামের শিবিরের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তিনি উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্রাম গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবীর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দুপুরে নওয়াপাড়া বাজার থেকে সোলায়মানকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি মোতাবেক শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে প্রেমবাগ গ্রামের আবুল হোসেনের বাড়ির পেছন থেকে একটি পিস্তল ও পিস্তলের একটি গুলি উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধার শেষে ফিরে আসার পথে তাঁর সহযোগী সন্ত্রাসীরা তাঁকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর গুলিবর্ষণ শুরু করে। পুলিশও এ সময় পাল্টা গুলি ছোড়ে৷ একপর্যায়ে দৌড়ে পালানোর সময় সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি সোলায়মান কবিরের বাঁ পায়ে লাগে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে রাতেই যশোর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।