'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন নিহত, বিচার ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যার অন্যতম সন্দেহভাজন ব্যক্তি বাচ্চু মিয়া (৩২) র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে জেলার চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র্যাব।
এ রকম আলোচিত একটি মামলায় বিচার শুরুর আগেই অন্যতম সন্দেহভাজন ব্যক্তি ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়া বিচারপ্রক্রিয়ার জন্য ক্ষতিকর বলে মনে করছেন হবিগঞ্জ জেলা বারের একজন জ্যেষ্ঠ আইনজীবী। তবে সরকারি কৌঁসুলি ও মামলার তদন্ত কর্মকর্তা বলছেন, এতে মামলার আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না।
সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুর লাশ উদ্ধার করা হয় ১৭ ফেব্রুয়ারি সকালে। ওই দিন রাতেই র্যাবের সদস্যরা সুন্দ্রাটিকি গ্রামের নিজ বাড়ি থেকে বাচ্চু মিয়াকে ধরে নিয়ে যান বলে তখন জানিয়েছিলেন বাচ্চুর পরিবারের সদস্যরা। কিন্তু এ বিষয়ে র্যাব বা পুলিশ তখন কোনো বক্তব্য দেয়নি।
র্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ভোর চারটায় দেওরগাছ এলাকায় অভিযান চালান। এ সময় সেখানে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের পাশে একটি জায়গায় চার শিশু হত্যার সন্দেহভাজন ব্যক্তি বাচ্চু মিয়া ও সায়েদ আলীকে (৩১) ঘিরে ফেলা হয়। তাঁরা তখন র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। র্যাবও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে বাচ্চু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। আটক করা হয় সায়েদ আলীকে। সায়েদ সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েত নেতা আবদুল আলীর ভাতিজা। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করে র্যাব।
বাচ্চুর লাশ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় র্যাব। সেখান থেকে দুপুরে লাশ নিয়ে আসা হয় হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে। সেখানে লাশের ময়নাতদন্ত হয়।
হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু নাঈম মাহমুদ হাসান বলেন, বাচ্চুর বুকে ও পিঠে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। হাতেও দাগ দেখা গেছে।
নিহত বাচ্চুর স্ত্রী রিনা আক্তার গতকাল প্রথম আলোকে বলেন, যেদিন চার শিশুর লাশ উদ্ধার হয়, ওই দিন রাতে তাঁর স্বামীকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় র্যাবের একটি দল। এরপর তাঁরা বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাননি। গতকাল সকালে শুনতে পান, তাঁর স্বামী ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
নিহত বাচ্চুকে সুন্দ্রাটিকি গ্রামে দাফন করার কথা শুনে গ্রামের লোকজন ক্ষোভ প্রকাশ করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম ওই গ্রামে গিয়ে লোকজনের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। পরে তাঁকে গ্রামে দাফন করা হয়।
এদিকে আটক সায়েদ আলীকে গতকাল মামলার তদন্ত সংস্থা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। পরে পুলিশ দুপুরে তাঁকে হবিগঞ্জ আমলি আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায়। বিচারক মো. কাউছার আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সায়েদ আলীসহ এ মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো। বাকিরা হলেন সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েতপ্রধান আবদুল আলী, তাঁর দুই ছেলে রুবেল (১৮) ও জুয়েল (২০) এবং একই গ্রামের আরজু মিয়া, বশির মিয়া ও সালেহ আহমেদ। এঁদের মধ্যে রুবেল, জুয়েল ও আরজু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের মধ্যে বাচ্চু ও সায়েদ আলীর নাম উল্লেখ করেন।
জানতে চাইলে হবিগঞ্জ জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী চৌধুরী আশরাফুল বারী গত রাতে প্রথম আলোকে বলেন, বিচার শুরুর আগেই এ ধরনের ঘটনা (বন্দুকযুদ্ধে বাচ্চুর মৃত্যু) রহস্যের সৃষ্টি করেছে। এটা অবশ্যই মামলার জন্য ক্ষতিকর এবং প্রতিবন্ধকতা তৈরি করবে। বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।
তবে হবিগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তদন্ত সংস্থা এ মামলার তথ্য উদ্ঘাটনে যথেষ্ট এগিয়েছে। এখন পর্যন্ত তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সম্পৃক্ততা স্বীকার করেছেন।
আর মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মুকতাদির হোসেন বলেন, এই মৃত্যুতে মামলার কোনো ক্ষতি হবে না। কারণ, ঘটনার রহস্য ইতিমধ্যে উদ্ঘাটিত হয়েছে।
বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের পাশের একটি ছড়া থেকে ১৭ ফেব্রুয়ারি চার শিশুর বালুচাপা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুরা হলো সুন্দ্রাটিকা গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ (৯), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১১), আবদাল মিয়ার ছেলে মনির (৭) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (৮)। জাকারিয়া, তাজেল ও মনির সম্পর্কে চাচাতো ভাই। পঞ্চায়েত বিরোধের জের ধরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়।