'বন্দুকযুদ্ধ'-আত্মসমর্পণ তবু মাদক নিয়ন্ত্রণহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রনি প্রায় এক বছর ধরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে আছে। মাদক থেকে মুক্তি পেতে চিকিৎসা নিচ্ছে। কিন্তু তার বাবা–মা হাসপাতালে অন্য অভিভাবকদের কাছ থেকে জানেন, এ নেশার জগৎ থেকে মুক্তি সহজে মেলে না। অনেকেই ভালো হয়ে ফিরে গেলেও আবার আসক্ত হয়। মাদকের মরণ নেশা শুধু একজন ব্যক্তি নয়, ধ্বংস করে একটি পরিবারকে।

রনির মা–বাবার মতো হাজারো মা–বাবা এ সমাজে রয়েছেন। যাঁদের সন্তানেরা দিনের পর দিন নেশাগ্রস্ত।

মাদকের বিরুদ্ধে লড়াই চলছে নানাভাবে। সরকার এ ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতিতে হাঁটছে। তবে কঠোর আইন করার পরও কমছে না ইয়াবাসহ মাদকের ব্যবসা। অতঃপর স্বেচ্ছায় মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের ব্যবস্থা করে। সেখানে মাদক মামলার বেশ কিছু ধনাঢ্য মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা এখন আইনি প্রক্রিয়াতে বিচারাধীন। পাশাপাশি যেমন থেমে নেই কথিত বন্দুকযুদ্ধ। তেমনিভাবে বন্ধ হয়নি মাদকের ত্রাসও।

এত কিছুর পরও সমাজে মাদকের ভয়াবহতা নিয়ন্ত্রণহীন। নারী–পুরুষ এমনকি নানা পেশার মানুষ জড়িয়ে পড়ছে মাদকের নেশা ও পেশাতে।

সরকারের সব প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হওয়ার পথে। প্রকৃতপক্ষে বিষয়টি হয়ে গেছে, ‘গাছের আগা কেটে গোড়ায় পানি দেওয়ার মতো। কয়েক দিন আগে টেকনাফের ইয়াবা ব্যবসার অন্যতম হোতা সাইফুল করিম, যার সব অর্থের উৎস হলো মাদক ব্যবসা, নিজেকে বাঁচাতে আত্মসমর্পণ করতে চেয়েছেন। কিন্তু তার আগেই কথিত বন্দুকযুদ্ধে নিহত হন তিনি।

এখন প্রশ্ন হচ্ছে একরামুল, সাইফুল করিমসহ নিত্যদিন যাঁরা বন্দুকযুদ্ধে মারা যচ্ছেন; তাতে কি রনির মতো আগামী প্রজন্ম মাদক থেকে মুক্তি পাবে?

মাদক ব্যবসা চক্রের মূল হোতাদের ধরা সম্ভব নয়। কারণ, এ চক্রটি যে প্রক্রিয়াতে ব্যবসা পরিচালনা করে তা অনেকটা গুটি হাত বদলের খেলার মতো। বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের দিকে লক্ষ করলে। পুলিশ যাদের আটক করে, তারা বেশির ভাগই মাদক বহনকারী কিংবা এলাকাভিত্তিক মাদক ব্যবসায়ী। এই মাদক বহনকারী বা ব্যবসায়ী এ চক্রের শেষের দিকের ব্যক্তি। এরা আসলে জানেই না এ ব্যবসার মূল ব্যক্তিটি কে। আর তাদের পক্ষে সম্ভব নয় সে মহা ক্ষমতাধর ব্যক্তিটিকে জানা।

দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্ধ হয়ে প্রলয় বন্ধের যে প্রক্রিয়ায় কাজ করছে, তা সফল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

প্রশ্ন উঠেছে সাইফুল করিমসহ মাদক ব্যবসায়ী হয়ে কি করে সিআইপি হন। সব সম্ভবের এ দেশে প্রশ্নটি অমূলক এবং অবান্তর। কারণ, তাঁর চেয়েও ক্ষমতাধর মাদক ব্যবসায়ী ব্যক্তি বিগত সময়ে সংসদ সদস্য ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক ব্যবসায়ীদের করা তালিকায় তাঁর নাম ছিল। এবার তাঁর স্ত্রী সংসদ সদস্য হয়েছেন।

যদি সত্যিকারের মাদকমুক্ত বাংলাদেশ সবার কাম্য হয়, তবে মাদক চক্রের এ খেলার ক্ষুদ্র হাতকে কথিত বন্দুকযুদ্ধ দিয়ে ‘হত্যা’ নয়। বরং সাপ–লুডু খেলার সিঁড়ি বেয়ে মুখোশ খুলতে হবে মূল ব্যক্তিদের। আর এ কাজের জন্য সরকারকে সবার আগে সোচ্চার হতে হবে অন্তঃপ্রাণ থেকে।

তা না হলে আত্মসমর্পণ ও বন্দুকযুদ্ধ দিয়ে কেবল মাদক সম্রাটদের আড়াল করা যাবে। সেই সঙ্গে রনির মা–বাবার মতো বিপথে যাওয়া সন্তানের জন্য কত হাজারো মা–বাবার চোখের জল ঝরবে তা কেউ জানে না।

*হাসিনা আকতার নিগার: কলামিস্ট