'বন্ধ করতে হবে সহিংসতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতা শ্রমজীবী মানুষসহ দেশের সাধারণ মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। কৃষক তাঁর ফসল বিক্রি করতে পারেন না। শিল্পশ্রমিক ও দিনমজুরেরা বেকার হয়ে পড়ছেন। সহিংস ও নেতিবাচক রাজনৈতিক পরিস্থিতির কারণে স্থবির হয়ে পড়েছে অর্থনীতি।

তাই স্থিতিশীলতার জন্য সহিংসতা বন্ধের ব্যবস্থা নিতে হবে, জামায়াতসঙ্গ ত্যাগ করতে হবে। জঙ্গিবাদ নির্মূল, যুদ্ধাপরাধীদের সম্পূর্ণরূপে বিচার ও দুর্নীতিবাজদের বর্জন করতে হবে। মন্ত্রিসভায় যেন দুর্নীতিবাজ কেউ জায়গা না পান, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা উঠে আসে। ‘জঙ্গিবাদ ও সহিংস রাজনীতি: শ্রমজীবী, সাধারণ মানুষসহ আর্থসামাজিক বিভিন্ন খাতের ওপর অভিঘাত’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে কৃষিশ্রমিক অধিকার মঞ্চ। এতে মন্ত্রী, সাংসদ, অর্থনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের ২৯ জন আলোচক বক্তব্য দেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সমঝোতার লক্ষ্য নিয়ে আলোচনায় বসতে হলে যুদ্ধাপরাধীদের বর্জন করতে হবে এবং জঙ্গিবাদকে লালন করা যাবে না। তিনি বলেন, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্র থাকবে, না তালেবানি রাজনীতি থাকবে। তালেবানি রাজনীতি নিধন করতে হবে আগে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিদেশি বন্ধু ও সুশীল সমাজ সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলেছে, আজ যে যে অবস্থান নিয়েছে, একাত্তর সালেও তাদের অবস্থান একই রকম ছিল।

সভাপতির বক্তৃতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হলে আমাদের কপালে যে কলঙ্ক আছে, তা মুছবে না। বর্তমানে যারা আক্রমণ করছে, তাদের নির্মূল করতে হবে, তাদের বিচারের সম্মুখীন করতে হবে। একই সঙ্গে হোতাদেরও ধরতে হবে।’ তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিকেরা নির্বাচনমুখী রাজনীতি করেন, তাঁদের জনকল্যাণমুখী রাজনীতি করতে হবে। মুক্তিযুদ্ধের সব পক্ষের শক্তিকে এক হতে হবে।

কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চেয়েছে, জামায়াত সহিংসতা করেছে। নির্বাচন করে এ সমস্যার সমাধান করা যাবে না। একটা সামাজিক চুক্তি করতে হবে। ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। যাঁরা চুক্তির শর্ত মানবেন, তাঁরা রাজনীতি করতে পারবেন, যাঁরা শর্ত মানবেন না, তাঁরা রাজনীতি করতে পারবেন না। তিনি আরও বলেন, মানবাধিকারের সঙ্গে সহিংসতার সহাবস্থান হতে পারে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আবুল বারকাত বলেন, জঙ্গিবাদ নির্মূলে যা দরকার, তাই করতে হবে। তবে মৌলবাদী শক্তির আর্থিক ভিত না ভাঙলে যে সমাধান হোক তা হবে ক্ষণস্থায়ী।

অর্থনীতির আরেক শিক্ষক এম এম আকাশ বলেন, যতক্ষণ না ‘ক্রাইম’কে (অপরাধ) ‘পলিটিক্স’ (রাজনীতি) থেকে আলাদা করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জটিলতা থাকবেই। একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামায়াতের নেতার কাছ থেকে জমি নিয়েছেন বলে খবর বেরিয়েছে। সাংবাদিক আবেদ খান বলেন, সংখ্যালুঘদের ওপর নির্যাতন বন্ধে এই মুহূর্তে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নিতে হবে।

আরও বক্তব্য দেন জাসদের নবনির্বাচিত সাংসদ শিরীন আখতার, বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, নায়েম-এর সাবেক মহাপরিচালক শেখ একরামুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিনাত হুদা প্রমুখ।