'বন্ধ গেট' বন্ধ হলেও দ্বন্দ্ব বন্ধ হয়নি

রাজশাহী মেডিকেল কলেজের ‘বন্ধ গেট’ বন্ধ করে দেওয়া হলেও দ্বন্দ্ব বন্ধ হয়নি। ওই গেট বন্ধ করে দেওয়ার একদিন পরেই আবার হামলার ঘটনা ঘটল। আজ রোববার দুপুরে নগরের বন্ধ গেট এলাকায় মেডিকেল কলেজের এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ খবর পেয়ে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিকেল তিনটার দিকে ওই এলাকায় গিয়ে একটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে ও আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়।
আহত শিক্ষার্থী ধীমান রায় মেডিকেল কলেজের পিঙ্কু ছাত্রাবাসের আবাসিক ছাত্র। তিনি শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে বন্ধ গেটের পাশের একটি দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এর মধ্যে মিন্টু নামের এক দোকানিকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার পর বন্ধ গেটের ওপর দিয়ে পার হওয়ার জন্য যে আলাদা পথ ছিল, শুক্রবার সেটিও উঁচু করে ইটের দেয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়।
মেডিকেল কলেজের উপাধ্যক্ষ নওশাদ আলী বলেন, ধীমান নগরের বহরামপুর এলাকায় একটি টিউশনি করে বন্ধ গেট এলাকা দিয়ে ফিরছিলেন। এ সময় বিল শিমলা এলাকার লোকজন তাঁর পরিচয় জানতে চায়। মেডিকেল কলেজের ছাত্রের পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে লোকজন তাঁর ওপর হামলা করে। তার বগলের নিচে ছুরিকাঘাত করা হয়েছে। আঘাত চামড়ার নিচ দিয়ে অনেক দূর পর্যন্ত গেছে। সোজাসুজি আঘাত হলে তাঁকে বাঁচানো যেত না। তিনি দাবি করেন পুলিশও ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ দুপরে ধীমান রায় মিন্টুর দোকানের সামনে দিয়ে টিউশনি থেকে ফিরছিলেন। এ সময় মিন্টুর ছেলে তাঁর ওপরে হামলা চালায়। এ খবর পেয়ে বিকেল তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্ররা বন্ধ গেট পার হয়ে মিন্টুর দোকানে গিয়ে হামলা চালায়। তারা দোকান ভাঙচুর করে। দোকানের মালামাল ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে। আসবাবপত্র রাস্তার ওপরে নিয়ে এসে আগুন লাগিয়ে দেয়। অভিযোগ রয়েছে পুলিশের সামনেই তারা এই হামলা চালায়। একপর্যায়ে পুলিশ তাদের গেট পার করে মেডিকেল কলেজের ভেতরে ঢুকিয়ে দেয়।
সন্ধ্যায় নগরের রাজপাড়া থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বলেন, এলাকায় উত্তেজনা রয়েছে। এখনো পুলিশ সেখানে অবস্থান করছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘পুলিশের এ দোষ জীবনভর। দুপক্ষই পুলিশকে দোষারোপ করবে।’ তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে যা যা করা দরকার ছিল পুলিশ তাই করেছে।
স্থানীয় লোকজন ও মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজের উত্তর পাশের বিল শিমলা এলাকায় যাওয়ার একটি গেট ছিল। স্থানীয় লোকজনের সঙ্গে কলেজের ছাত্রদের দ্বন্দ্বের কারণে ১৯৮০-৮১ সালের দিকে গেটটি বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে ওই এলাকা বন্ধ গেট এলাকা নামে পরিচিতি পায়। পরে এক সময় গেট বন্ধ করে দেওয়া হলেও ওপর দিয়ে পার হওয়ার জন্য একটি পথ তৈরি করা হয়েছিল।