চিকিৎসক স্ত্রী ও কম্পিউটার প্রকৌশলে পড়ুয়া ছেলেকে সঙ্গে নিয়ে বিদ্যালয় চত্বরে পা রাখতেই স্মৃতিকাতর হয়ে ওঠেন আবুল কাশেম। খুঁজে ফেরেন সহপাঠী-বন্ধুদের। কয়েক পা এগোতেই দেখা মেলে শৈশব-কৈশোরের দুই বন্ধু হায়াতুজ্জামান ফরহাদ ও জগলুল হায়দারের সঙ্গে। আনন্দে চিৎকার দিয়ে আবুল কাশেম বলে ওঠেন, ‘বন্ধু, কী খবর বল; কত দিন দেখা হয়নি।’
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী শতবর্ষ পূর্তি উৎসব। এই উৎসবে গতকাল এ রকম অনেক মধুর ঘটনা ঘটে। অনেকে সেলফি, ছবি তোলাসহ গল্প ও আড্ডায় সোনালি দিনে ফিরে যান।
আবুল কাশেম জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, হায়াতুজ্জামান ফরহাদ রাজশাহীর গোদাগাড়ী সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক ও জগলুল হায়দার জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রথম সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত।
ওই উৎসবকে ঘিরে বিদ্যালয় চত্বরে বিশাল প্যান্ডেল তৈরি, আলোকসজ্জাসহ বর্ণিল সাজে সাজানো হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণ বর্তমান ও প্রাক্তন ছাত্রদের মিলনমেলায় পরিণত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আওরঙ্গজেব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব আবুল কাশেম ও জেলা প্রশাসক সায়মা ইউনুস। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও আলমডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র হাসান কাদির। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান।
আলোচনা শেষে চলে স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ শনিবারও অনুষ্ঠানসূচিতে স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে।