'বন্ধু, কী খবর বল'

যশোরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ যশোর সম্মিলন ইনস্টিটিউশনের ১২৫ বছর পূর্তি উৎসবে যোগ দিয়ে নবীন-প্রবীণ সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। ‘বন্ধু, কী খবর বল’, ‘কত দিন পরে দেখা’, ‘কেমন আছিস’—এমন সব কথা উচ্চারিত হয় কণ্ঠে কণ্ঠে। দীর্ঘ বছর পরে বন্ধুরা একসঙ্গে হয়ে সারা দিন আড্ডা, হাসি আর নাচ-গানে মেতে ওঠেন।
গতকাল শনিবার প্রাক্তন ও বর্তমান ছাত্রদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করা হয়। পরে মন্ত্রী শাজাহান খান ফিতা কেটে ‘রায়বাহাদুর যদুনাথ মেলা’ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুরে বর্ণাঢ্য বাদক দলের সুরে ও ঢোলের ছন্দে প্রাক্তন ছাত্ররা নেচে-গেয়ে আনন্দযাত্রার মাধ্যমে শহর ঘুরে আসেন। পরে উৎসব মঞ্চে গিয়ে বিভিন্ন ব্যাচের ছাত্ররা আনন্দঘন মুহূর্ত ক্যামেরাবন্দী করে রাখেন। রাতে সংগীতানুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় গান পরিবেশন করেন।
সকালে দুই দিনের উৎসব উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের অর্থ থাকতে পারে, সম্পদ থাকতে পারে, কিন্তু সব অর্থশালী ও সম্পদশালী মানুষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারেন না। রায়বাহাদুর যদুনাথ মজুমদার ১২৫ বছর আগে সম্মিলন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করে স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছেন।
এ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ভারতের প্রখ্যাত ঔপন্যাসিক নিমাই ভট্টাচার্য বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘এই বিদ্যালয়ে পড়ে আমি যেটুকু শিখেছি, সেটুকুই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রায়বাহাদুর যদুনাথ মজুমদারের ভ্রাতুষ্পুত্র প্রাক্তন ছাত্র চিকিৎসক সূর্য কুমার মজুমদার, বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক অসিত বরণ ঘোষ।
সভাপতির বক্তব্যে উৎসব উদ্যাপন পর্ষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা রবিউল আলম বলেন, দীর্ঘ এই পথচলায় বিদ্যাপীঠটি অসংখ্য গুণীজনের জন্ম দিয়েছে। এখানকার প্রাক্তন ছাত্রদের অনেকে গবেষক, ঔপন্যাসিক, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, সম্পাদক, প্রকৌশলী, চিকিৎসক, গীতিকার, রাজনীতিক, মুক্তিযোদ্ধাসহ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখেন।
আজ রোববার বিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রবোধ চন্দ্র সাহা, তারাপদ দাস, মনুজ কান্ত মজুমদার, রবিউল হোসেন, দাস দুলাল হরি, আবদুল্লাহ খান হামদু, মিজানুর রহমান, সৈয়দ হারিস উদ্দীন, জাহাঙ্গীর আলী, জগৎ নারায়ণ ঘোষ, মোজাহার আলী, সাহিদা চৌধুরী, মুন্সি আবদুর রফিক ও ল্যাবরেটরি সহকারী জীবন কুমার চক্রবর্তীকে সম্মাননা জানানো হবে। প্রধান অতিথি থাকবেন রবীন্দ্র গবেষক অসিত বরণ ঘোষ। গান গাইবেন সুবীর নন্দী ও প্রতীক হাসান।