'বন্ধু কেমন আছিস'
তাঁদের বয়স ৬৫ থেকে ৭০। বর্ণাঢ্য কর্মময় জীবনে কেউ ছিলেন চিকিৎসক বা প্রকৌশলী, কেউবা সরকারি কর্মকর্তা অথবা ব্যবসায়ী। বয়সের কাছে পরাজিত হয়ে অনেকেই এখন অবসরে। কেউ কেউ আবার অসুস্থও। তাঁদের সবাই পাবনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বেড়া বিবি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
১৯৬৩ সালে অনুষ্ঠিত রাজশাহী বোর্ডের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া প্রথম ব্যাচের শিক্ষার্থী তাঁরা। কর্মের প্রয়োজনে দেশের বিভিন্ন এলাকায় এখন তাঁদের অবস্থান। গতকাল বৃহস্পতিবার তাঁরা মিলিত হয়েছিলেন স্মৃতিবিজড়িত বেড়া বিবি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে। দিনব্যাপী স্মৃতিচারণা, গল্পগুজব আর কুশলবিনিময়ে মেতে উঠেছিলেন তাঁরা।
নিজেদের গড়া ‘বেড়া বিবি উচ্চবিদ্যালয়ের এসএসসি প্রথম ব্যাচ ১৯৬৩’ নামের সংগঠনের উদ্যোগে তাঁরা আয়োজন করেছিলেন উৎসবমুখর এ অনুষ্ঠানের।
বিদ্যালয় প্রাঙ্গণে টানানো শামিয়ানার নিচে সকাল ১০টায় একে একে উপস্থিত হতে থাকেন বৃদ্ধ বয়সের প্রাক্তন শিক্ষার্থীরা। একে একে তাঁদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০ থেকে ৩৫ জনে। অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে আবেগ ধরে রাখতে পারেননি তাঁদের অনেকেই। মাঝেমধ্যে অনেকেরই হয়তো দেখা-সাক্ষাৎ হয়েছে। কিন্তু কারও কারও প্রায় ৫০ বছর পর অনুষ্ঠানস্থলে এসে সাক্ষাৎ হয়। দীর্ঘদিন পর দেখা হওয়ায় একে অপরকে জড়িয়ে ধরে অশ্রুসিক্তও হয়ে ওঠেন দু-একজন।
সহপাঠীদের পুনর্মিলন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রাক্তন শিক্ষার্থী আমিরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিনসহ অনেকেই। প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই স্মৃতিচারণায় অংশ নেন।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বেড়া বিবি উচ্চবিদ্যালয়ের এসএসসি প্রথম ব্যাচ ১৯৬৩-এর আহ্বায়ক মীর আবদুল হাই বলেন, ‘আমার মতো আমার অনেক বন্ধুর জীবনের সেরা দিন আজ। কোনো কোনো বন্ধুর সঙ্গে আজ আমাদের প্রায় ৫০ বছর পর দেখা হয়েছে। “বন্ধু কেমন আছিস” বলে একে অপরকে জড়িয়ে ধরে আবেগ প্রকাশ করেছি আমরা। আজকের অনুষ্ঠানে না এলে ওদের সঙ্গে কোনো দিন হয়তো আর দেখাই হতো না।’