
‘আজ আমরা একটি ছবি দেওয়ার চেষ্টা করব’—দর্শকদের বলছিলেন কণ্ঠশীলনের সভাপতি সন্জীদা খাতুন। ‘এই ছবি বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ওয়াহিদুল হক ও শিল্পী কাইয়ুম চৌধুরীর। তাঁদের নিয়ে আরও বলবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী মুস্তাফা মনোয়ার ও নাট্যজন রামেন্দু মজুমদার।’
মার্চেই জন্মেছিলেন দুজন। তাঁদের স্মরণে আবৃত্তির দল কণ্ঠশীলন গতকাল শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে আয়োজন করে অনুষ্ঠান ‘বন্ধু রহো রহো সাথে’। শিল্পী ইফফাত আরা দেওয়ানের কণ্ঠে রবীন্দ্রনাথের গানটি দিয়েই শুরু হয় অনুষ্ঠান। এরপরই মঞ্চে ওঠেন সন্জীদা খাতুন, আনিসুজ্জামান ও রামেন্দু মজুমদার। মুস্তাফা মনোয়ার তখনো পথে।
রামেন্দু মজুমদার আলাপচারিতা শুরু করে বলেন, ‘আজকাল তো সবাই নিজেরা ডঙ্কা বাজিয়ে নিজেদের মহিমা প্রচার করেন, কিন্তু ওয়াহিদুল হক ও কাইয়ুম চৌধুরী ছিলেন এর ব্যতিক্রম। তাঁরা দুজনই কীর্তিমান ছিলেন। ওয়াহিদুল ভাইয়ের মতো এত জ্ঞানী মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। তাঁর সঙ্গে কথা বললে বোঝা যেত না তিনি সাহিত্য, বিজ্ঞান না অঙ্কশাস্ত্রের মানুষ। অশক্ত শরীর নিয়ে ওয়াহিদুল হক রবীন্দ্রসংগীত শেখাতে জেলায়-জেলায় গেছেন।’
এরপর স্মৃতিচারণা করেন আনিসুজ্জামান। ১৯৫০ থেকেই কাইয়ুম চৌধুরীকে চেনেন তিনি। কাইয়ুমের মৃত্যুর সময় তাঁর পাশেই ছিলেন। স্মরণ করলেন ওই সময়টি। বললেন, ‘আমার সামনেই পড়ে গেলেন কাইয়ুম। এমনই বিমূঢ় হয়েছিলাম যে তাঁকে হাত বাড়িয়ে ধরতে পারিনি। ভেবেছিলাম নিজে থেকেই হয়তো উঠবেন।’ আনিসুজ্জামান বলে চলেন, পোস্টার, প্রচ্ছদ, ছবি—কত বিচিত্র ধরনের কাজ করেছেন কাইয়ুম চৌধুরী। সবকিছুর মধ্যেই ছিল তাঁর বাঙালি সত্তা। আঁকারও ছিল বিশেষ ধরন। ঘরবাড়ি, গাছপালায়ও তিনি জ্যামিতিক আকারে আঁকতেন। আর অনেক রং থাকত সেখানে। শুধু ছবি নয়, সংগীত, চলচ্চিত্র, সাহিত্যেও তাঁর ছিল প্রচুর আগ্রহ।
ইতিমধ্যে এসে গেছেন মুস্তাফা মনোয়ার। তিনি বলেন, ‘শিল্পকলা আসলে একক কোনো বিষয় নয়। কখনোই ছিল না। লেওনার্দো দা ভিঞ্চি যেমন ছবি আঁকতেন, তেমনি বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্রেও তাঁর অনেক অবদান। একই ব্যাপার ছিল রবীন্দ্রনাথেরও। ওয়াহিদুল হক ও কাইয়ুম চৌধুরীও তেমন মানুষ।’
এ কথার মাঝে ঢোকেন রামেন্দু মজুমদার। বলেন, ‘এ সময় অনেক মঞ্চের লোক ছবি দেখেন না, গান শোনেন না। খালি মঞ্চটাই করেন। তেমনি অনেক শিল্পীও মঞ্চনাটক দেখতে আসেন না।’ মুস্তাফা মনোয়ার উত্তরে বলেন, ‘শিল্পীর নান্দনিক বোধের বিকাশ হলে তার প্রকাশ সব সময় বহু রকমই হয়। তবে গলা দিয়ে গান গাওয়া সহজ, কিন্তু এই বোধ আনা খুব কঠিন।’
ওয়াহিদুল ও কাইয়ুম সম্পর্কে মুস্তাফা মনোয়ার বলেন, ‘তাঁরা দুজনেই খুব প্রশংসা করতে পারতেন। আগে ভালো বলতেন, তারপর খারাপটা। কিন্তু আমরা অনেকেই অন্যের ছবি দেখে, অন্যের গান শুনে কুণ্ঠিত কণ্ঠে বলি, “ভালোই হয়েছে”। ভালোর সঙ্গে একটা “ই” বাদ দিতে পারি না।’
সন্জীদা খাতুন বলেন, ‘কাইয়ুম কিন্তু খুব ভালো লিখতও। আর ওয়াহিদুল অনেক বড় বড় পরিকল্পনা করতে পারতেন। অনেক সময়ই সেগুলো সাধ্যের বাইরে ছিল বলে বিরক্তও হতাম। আমাদেরই সেসব কাজ শেষ করতে হতো। এটা বড় গুণও বটে।’ কথার পৃষ্ঠে আনিসুজ্জামান বলেন, ‘তিনি আসলে জাত শিক্ষক ছিলেন। কি সাংবাদিকতা, কি সংগীত, কি আবৃত্তি—সবকিছুই তিনি সুন্দর করে শেখাতে পারতেন।’
প্রায় আধ ঘণ্টায় শেষ হলো আলাপচারিতা। সন্জীদা খাতুন দর্শকদের প্রশ্ন করলেন, ‘কী? ওয়াহিদুল ও কাইয়ুমের একটা ছবি পাওয়া গেল তো?’
আলাপচারিতার পর হয় চট্টগ্রাম থেকে আসা ফুলকি, সোনার তরীর শিশুদের পরিবেশনা ‘জুতা আবিষ্কার’ এবং নালন্দার শিশুশিল্পীদের প্রযোজনা মুগ্ধ করে দর্শক-শ্রোতাদের। আবৃত্তি সংগঠন কথা ও রাজশাহী আবৃত্তি পরিষদ পরিবেশন করে দলীয় আবৃত্তি। কণ্ঠশীলন পরিবেশন করে বৃন্দ আবৃত্তি ‘আমরা কি এই দেশ চেয়েছিলাম’। একক আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম, আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায় প্রমুখ। কণ্ঠশীলনের শামীমা নাজনীন ও জহিরুল হকের পরিবেশনা ‘কর্ণ-কুন্তী সংবাদ’—এরপর জাতীয় সংগীত গেয়ে শেষ হয় অনুষ্ঠান।