'বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে অভিন্ন সমস্যার সমাধান করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, ‘আমরা বৈরিতা-বিদ্বেষ প্রকাশ করব, আর ভারত বন্ধুত্ব দেখাবে! বন্ধুত্ব একতরফা হয় না, আমাদের বাস্তববাদী হতে হবে। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে অভিন্ন সমস্যার সমাধান করতে হবে।’
গতকাল শনিবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউটের নবনির্মিত ভবনের উদ্বোধন ও গান্ধী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে বৈরিতা করে গঙ্গার পানি পাওয়া যায়নি, সীমান্ত সমস্যার বাস্তবায়ন হয়নি। এখন বন্ধুত্বের মধ্য দিয়ে আলাপ-আলোচনা করে তিস্তা-ফেনীসহ অভিন্ন পানি বণ্টনের সমস্যা আলোচনার টেবিলে বসে সমাধানের চেষ্টা চলছে।
এর আগে সেতুমন্ত্রী গান্ধী আশ্রম ট্রাস্টে মহাত্মা গান্ধীর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন।
হামলায় আহত তিনজন: জয়াগে মন্ত্রীর সভামঞ্চের সামনে আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের তিনজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, চাটখিলের বাসিন্দা ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের অনুসারীরা তাঁর পক্ষে স্লোগান দেওয়া শুরু করলে সেখানে উপস্থিত জয়াগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আকবর দলীয় স্লোগান থেকে বিরত থাকতে অনুরোধ করেন। এ সময় জাহাঙ্গীর আলমের সমর্থকেরা লাঠি দিয়ে আঘাত করে পলাশের মাথা ফাটিয়ে দেন। হামলায় আহত হন আরও দুজন। ঘটনাস্থলে থাকা পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।