'বন্ধুত্বের বার্তা' নিয়ে ঢাকায় সুষমা স্বরাজ

‘বন্ধুত্বের বার্তা নিয়ে এসেছি৷ আশা করি আগামী দিনে আমাদের সম্পর্ক আরও জোরদার হবে৷’
তিন দিনের ‘শুভেচ্ছা সফরে’ গতকাল বুধবার রাতে ঢাকায় পৌঁছে এ কথা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী৷ সুষমাকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানটি রাত পৌনে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে৷
ভারতে সম্প্রতি বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর সুষমা স্বরাজের সফরটি হচ্ছে বাংলাদেশে দিল্লির পক্ষ থেকে উচ্চ রাজনৈতিক পর্যায়ে প্রথম সফর। এ সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন সুষমা স্বরাজ। এ ছাড়া তিনি আজ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস—বিস) আয়োজিত এক সেমিনারে বক্তৃতা করবেন সুষমা।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউিদ্দন প্রথম আলোকে জানিয়েছেন, ঢাকা রওনা হওয়ার আগে গতকাল দুপুরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিবিড় করার যে সিদ্ধান্ত নিয়েছেন, বাংলাদেশ সফর তারই অংশ।
গতকাল ঢাকায় সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, ‘গত কয়েক বছরে দুই দেশের সম্পর্ক যে পর্যায়ে রয়েছে, তা এগিয়ে নেওয়ার ব্যাপারে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তাৎপর্যপূর্ণ ইতিবাচক বার্তা প্রত্যাশা করছি। তাই এ সফরে শুধু অমীমাংসিত বিষয় নয়, আগামী দিনে সম্পর্ক কীভাবে সম্প্রসারিত করা যায়, তা নিয়েও আলোচনা হবে।’
সুষমা স্বরাজের সফরের মধ্য দিয়ে ঢাকায় নরেন্দ্র মোদির সফরের পথ সুগম হবে বলে আশাবাদী জ্যেষ্ঠ ওই কর্মকর্তা।
বাংলাদেশের পক্ষ থেকে তাই তিস্তার পানি বণ্টন চুক্তি সই ও স্থলসীমান্ত চুক্তি কার্যকরের মতো অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। আর ভারতের পক্ষ থেকে ‘অনুপ্রবেশ’ নিয়ে তাদের বক্তব্য তুলে ধরা হবে।
ঢাকায় সুষমা স্বরাজের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রসচিব সুজাতা সিং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউিদ্দন, বিএম বিভাগের যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন ছাড়াও মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা।
সুষমা-মমতা ফোনালাপ: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আলোকে জানান, সুষমা স্বরাজের ফোন তাঁর কাছে অপ্রত্যাশিত ছিল। সে জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাঁকে বলেন, ‘আপনার মাধ্যমে বাংলাদেশের সরকার ও জনগণকে পশ্চিমবঙ্গবাসীর অকুণ্ঠ শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, আপনার এই সফর সফল হবে। দেশের অগ্রগতির জন্য প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক যথাসম্ভব ভালো রাখা প্রয়োজন। প্রতিবেশী অখুশি থাকলে কেউ খুশি থাকতে পারে না।’
এই সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে সুষমা স্বরাজ বাংলাদেশের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। সীমান্ত চুক্তির বাস্তবায়ন ও তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পাদিত হতে না পারার অন্যতম প্রধান কারণ ছিল পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, তাঁকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় সরকার এগোতে চাইছিল। মমতাকে ফোন করে সুষমা স্বরাজ বুঝিয়ে দিলেন, পশ্চিমবঙ্গকে বাইরে রেখে মমতার অজান্তে কিছু করতে বিজেপি সরকার নারাজ।
পররাষ্ট্রমন্ত্রী সুষমার ফোন নিয়ে প্রশ্ন করা হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘আগের সরকার এই শিষ্টাচার দেখায়নি। কিন্তু বর্তমান সরকার দেখিয়েছে। তাই তাঁকে ধন্যবাদ জানিয়েছি।’