'বন্ধুদের পাশে দাঁড়াতে পারতাম না'
‘আমি শুধু নিজেকে ধ্বংস করিনি, আমার পরিবারকেও ধ্বংস করেছি। নিজের জীবনের পরিধি ছোট করে ফেলেছিলাম। সুস্থ বন্ধুদের পাশে দাঁড়াতে পারতাম না। বাবা, ভাই, বোন—সবাইকে ছোট করেছি।’
কথাগুলো আবুল বাশারের। তিনি আগে মাদকাসক্ত ছিলেন। চিকিৎসা নিয়ে এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ উদ্যোগে সকালে নগরের মনিবাজার এলাকায় মানববন্ধন ও নানকিং দরবার হলে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহম্মদ মুনির হোসেন। উপস্থিত ছিলেন ৩৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাজাহান সিরাজ, পুলিশ সুপার নিশারুল আরিফ, র্যা ব-৫-এর উপপরিচালক মেজর কামরুজ্জামান পাভেল, মহানগর পুলিশের উপকমিশনার তানভীর হায়দার চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ এ এম হাফিজুর রহমান প্রমুখ।