'বন্ধুর মতো' শিক্ষক চায় শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষকেরা শ্রেণীকক্ষে এসে শুধু পড়াবেন না, শিক্ষার্থীদের পারিপার্শ্বিক বিষয়েও সহায়তা করবেন। শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের আচরণ হতে হবে বন্ধুর মতো।
কথাগুলো কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সাঈদ আবদুল্লাহর। কক্সবাজারে অনুষ্ঠিত তিন দিনব্যাপী শিক্ষক সম্মেলনের দ্বিতীয় দিনে গত মঙ্গলবার অনুষ্ঠিত এক সেমিনারে শিক্ষার্থীদের পক্ষে এই অভিমত তুলে ধরে সাঈদ। সম্মেলনটি শেষ হয়েছে গতকাল বুধবার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
‘একুশ শতকের শিক্ষক: দক্ষতা ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক সেমিনারে আরেক শিক্ষার্থী কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর তাসনিফা নাওয়ার বলে, ‘যে শিক্ষক আমাদের বিষয়বস্তু ভালো করে বোঝাতে পারবেন, আমরা সে রকম শিক্ষক চাই।’ দুই শিক্ষার্থীর বক্তব্যকে উপস্থিত অন্য শিক্ষার্থীরা হাততালি দিয়ে সমর্থন জানায়।
সেমিনারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শ্রেণীকক্ষেই শিক্ষার্থীদের শিক্ষালাভ করতে হবে। তাই শ্রেণীকক্ষ হতে হবে আনন্দদায়ক। এ জন্য শিক্ষকদের আরও প্রস্তুতি নিতে হবে। কারণ, নতুন প্রজন্মকে আধুনিক জ্ঞানসমৃদ্ধ করে গড়ে তোলার জন্য শিক্ষকেরাই হচ্ছেন নিয়ামক শক্তি।
এটুআই কর্মসূচির বিশেষজ্ঞ ফারুক আহমেদের সঞ্চালনায় সেমিনারে বেশ কয়েকজন শিক্ষক নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। পাঠ্যবইয়ের ‘ডিজিটাল কনটেন্ট’ তৈরি করে সেরা হওয়া ৪২ জন শিক্ষককে এই সম্মেলনে সম্মাননা দেওয়া হয়।