'বন্যা আমার সর্বনাশ করে গেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বন্যা আমার সর্বনাশ করে গেছে। সামনে ক্যামনে চলব, বুইঝা উঠতে পারছি না।’ কান্নাজড়ানো কণ্ঠে এ কথা বললেন বাদল প্রামাণিক। ফরিদপুর সদরের তাহের ফকিরের ডাঙ্গি গ্রামের কৃষক তিনি। চলতি মৌসুমে বাদাম উঠে যাওয়ার পর ১৩ একর জমিতে তিনি আউশ ধান রোপণ করেছিলেন। কিন্তু বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেছে।

কষ্টের কথা জানালেন একই গ্রামের কৃষক আলাউদ্দিন শেখও। বন্যায় নষ্ট হয়েছে তাঁর চার একর জমির আমন ধান। হতাশ কণ্ঠে তিনি বললেন, ‘পরিবার-পরিজন নিয়া কীভাবে বাঁচব, জানি না।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যায় ফরিদপুরের ছয়টি উপজেলায় মোট ৫ হাজার ২০০ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়। ৩ হাজার ১৮৯ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। এর মধ্যে আউশ ধান বিনষ্ট হয়েছে ১ হাজার ১৮২ হেক্টর, বোনা আমন ১ হাজার ৭৯ হেক্টর, রোপা আমন বীজতলা ১৮ হেক্টর, রোপা আমন ৭৯৮ হেক্টর এবং শাকসবজি ১২১ হেক্টর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জি আবদুর রউফ আজ রোববার প্রথম আলোকে বলেন, বন্যায় ফসলের যে ক্ষতি হয়েছে, টাকার হিসেবে তার পরিমাণ ১৭ কোটি টাকা। এ ক্ষয়-ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য নতুন বীজতলা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ছয়টি উপজেলার ক্ষতিগ্রস্ত প্রতিটি ইউনিয়নে ১০টা করে কলার ভেলায় বীজতলা রোপণের কাজ শুরু করা হয়েছে। এ ছাড়া উঁচু জমি, হর্টিকালচার সেন্টার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মালিকানাধীন জায়গায়ও বীজতলা রোপণ করা হচ্ছে।