'বন্যার আশঙ্কায় সরকার সার্বিক প্রস্তুতি নিয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, ‘এ বছর বড় ধরনের বন্যার আশঙ্কা মাথায় রেখে সরকার বন্যা মোকাবিলার সার্বিক প্রস্তুতি নিয়েছে। কুড়িগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে কেউ না থাকলেও সরকার আছে ও থাকবে। আমাদের খাদ্যের অভাব নেই, প্রস্তুতিরও অভাব নেই। আমরা যেকোনো দুর্যোগ মোকাবিলা করতে পারব।’
গতকাল বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী এসব কথা বলেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। বক্তব্য দেন কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ মো. রুহুল আমিন, ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, মহাপরিচালক রিয়াজ আহম্মেদ, যুগ্ম সচিব মোহাম্মদ মোহসীন, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সাধারণ সম্পাদক মো. জাফর আলী, পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ্ প্রমুখ।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি কুড়িগ্রামসহ বন্যাদুর্গত ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ ২১টি জেলা পর্যায়ক্রমে সফর করছেন। কোথায় কখন কী লাগবে, তা জেনে ব্যবস্থা নেওয়া হবে। নেওয়া হবে পূর্বপ্রস্তুতি, যাতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ হানা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সরকারি সহায়তা দুর্গত মানুষের হাতে পৌঁছানো যায়। কুড়িগ্রাম অত্যন্ত ঝুঁকিপূর্ণ জেলা, কারণ ভারত থেকে অধিকাংশ পানি এ জেলার ওপর দিয়ে প্রবাহিত নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। মানুষের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সরকারের পক্ষ থেকে তিন ধরনের ব্যবস্থা থাকবে—বন্যার আগে, বন্যার সময় ও বন্যা-পরবর্তী।
এর আগে মন্ত্রী বেলা সোয়া ১১টায় কুড়িগ্রাম সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের সভাপতিত্বে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মন্ত্রী দলীয় নেতা-কর্মীদের বন্যার্ত মানুষের পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জঙ্গি ও সন্ত্রাস-নৈরাজ্য দমনে জনগণকে সচেতন করে তুলতে দলের নেতা-কর্মীদের অগ্রণী ভূমিকা রাখার পরামর্শ দেন।