'বন্যায় ঘর ভেঙেছে, কোথায় যাব জানি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগে বন্যার পানি নেমে গেলে ঘরে ফিরতাম। কিন্তু এবার ঘরও ভেঙে গেছে। এখন কোথায় যাব জানি না।’
শঙ্খ নদের চরে নিজের ঘরের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে কথাগুলো বললেন হাজেরা বিবি। বলতে বলতে তাঁর চোখে পানি এসে যায়।
বান্দরবান জেলা শহরের উজানীপাড়ায় শঙ্খ নদের তীর দখল করে তৈরি করা বস্তিঘরে বসবাস করতেন হাজেরা বিবিদের মতো অনেক মানুষ। বন্যার পানি নেমে যাওয়ার সময় নদীর প্রবল স্রোতে বস্তির ৬০টির বেশি বাসাবাড়ি ভেঙে পড়ে।
হাজেরা বিবির পাশের বাসার সালমা বেগম বলেন, তাঁরা আশ্রয়কেন্দ্র থেকে রোববার সন্ধ্যায় বাসায় ফেরেন। মধ্যরাতে হঠাৎ নদীর পাড়ের নরম মাটি দেবে বস্তির সব ঘর পড়ে যেতে থাকে। তাঁরা দ্রুত রাস্তায় এসে কোনোরকমে প্রাণে রক্ষা পান।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা শহরের উজানীপাড়া, আর্মিপাড়া, কাশেমপাড়া ও ইসলামপুরসহ বিভিন্ন স্থানে শঙ্খ নদের তীর ঘেঁষে কয়েক শ পরিবার অবৈধভাবে বসবাস করে।
বস্তিবাসী রফিকুল ইসলাম, আলতাফ গাজী ও রিয়াজ উদ্দিন বলেন, যাওয়ার আর কোনো জায়গা না থাকায় ২৫-৩০ বছর ধরে তাঁরা এখানে বাধ্য হয়ে বসবাস করছেন। সামান্য বৃষ্টিপাতে শঙ্খ নদের পানি বাড়লে বাসাবাড়ি ডুবে যায়। তখন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়ে সরকারি ত্রাণে দিনযাপন করেন। তাঁরা বলেন, এবার চরের মাটি দেবে গিয়ে বাসাবাড়ি ধ্বংস হয়ে যাওয়ায় তাঁরা কোথায় যাবেন জানেন না।
বান্দরবান পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মংহ্নৈচিং মারমা বলেন, নদীর স্রোত বস্তির বাসাবাড়িগুলো টেনে নিয়ে গেছে। প্রায় ৬৬টি পরিবার গৃহহারা হয়েছে।
জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ দেওয়া হয়েছে।