বর্তমান সরকারের মেয়াদে ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু প্রকল্পের কার্যাদেশ দেওয়া নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সংশয় প্রকাশের প্রতিক্রিয়ায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তিনি (মুহিত) জিনিয়াস মানুষ, ভালো মানুষ। তবে বয়স হয়েছে, মাঝে মাঝে খেই হারিয়ে ফেলেন।’ গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আগের দিন বুধবার পদ্মা সেতুর আন্তর্জাতিক দরপত্র আহ্বানের পর অর্থমন্ত্রী কার্যাদেশ নিয়ে তাঁর নিজের সংশয়ের কথা সাংবাদিকদের বলেছিলেন। যোগাযোগমন্ত্রী আরও বলেন, অর্থমন্ত্রী সব মন্ত্রণালয়ে টাকা দেবেন, অর্থায়নই তাঁর কাজ। বাস্তবায়নের কাজ যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সেতু বিভাগের। এই সরকারের মেয়াদে কার্যাদেশ দেওয়া যাবে কি না, জানতে চাইলে যোগাযোগমন্ত্রী বলেন, ‘কারিগরি কমিটি মূল্যায়ন করে কার্যাদেশ দেবে। এ বিষয়ে নির্দিষ্ট সময় উল্লেখ করতে পারব না।’ তিনি বলেন, ‘সরকারের রয়েছে মাত্র চার মাস, পদ্মা সেতু করতে লাগবে চার বছর। চার মাসে তো পদ্মা সেতু শুরু করতে পারব না, স্ট্যান্ডবাজি করে লাভ নেই।’ অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া: এদিকে যোগাযোগমন্ত্রীর বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, ‘উনি (যোগাযোগমন্ত্রী) যদি এই কথা বলে থাকেন, আমি কী জবাব দেব। সংসদে আমি পদ্মা সেতুর বিষয়ে একটি বিবৃতি দেব।’গতকাল সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকেরা যোগাযোগমন্ত্রীর দেওয়া ‘খেই হারানো’সংক্রান্ত বক্তব্যদের প্রতিক্রিয়া জানতে চান। পদ্মা সেতু নিয়ে যুবলীগের বিবৃতি: আওয়ামী যুবলীগ বলেছে, অহংকারের পদ্মা সেতু নির্মাণের জন্য প্রয়োজন রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আবার রাষ্ট্রক্ষমতায় আনা। যে অপশক্তি পদ্মা সেতু নির্মাণকে বাধাগ্রস্ত করেছে, সেই অপশক্তি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে, তাহলে পদ্মা সেতু কোনো দিনই সম্পন্ন হবে না। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এ কথা বলেন।