'বরুণ রায়ের রাজনৈতিক আদর্শ ছড়িয়ে দিতে হবে'
কমরেড বরুণ রায় জীবনভর মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। মেহনতি মানুষের মুক্তিই ছিল তাঁর রাজনীতির লক্ষ্য। বরুণ রায়ের রাজনৈতিক আদর্শ তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
সুনামগঞ্জের রাজনীতিবিদ ও সাবেক সাংসদ প্রয়াত বরুণ রায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি ও হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কমরেড বরুণ রায় স্মৃতি সংসদের সভাপতি ধূর্জটি কুমার বসুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আপ্তাব উদ্দিন, বরুণ রায়ের সহধর্মিণী শীলা রায়, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
স্মরণসভায় কমরেড বরুণ রায়ের জীবন ও রাজনীতি নিয়ে নির্মিত ‘বিপ্লবী বরুণ রায়’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।