
‘তুরাগ নদী দূষণ মুক্ত করার লক্ষ্যে/ সমন্বিত অভিযান সফল করার উদ্দেশ্যে/ তুরাগ নদীকে দূষণ মুক্ত করতে সহায়তা করুন/ বর্জ্য ফেলা বন্ধ করুন।’ উত্তরা ১০ নম্বর সেক্টরের স্লুইসগেট-সংলগ্ন নদের পাড়ে সাইনবোর্ডে লেখা আছে কথাগুলো। কিন্তু ওই সাইনবোর্ডের আশপাশে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। সেই আবর্জনা গিয়ে পড়ছে তুরাগ নদে।
দেখা যায়, বিস্কুট, পলিথিনের প্যাকেট, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, আখের ছোবরা, ফলের খাঁচাসহ বিভিন্ন ধরনের আবর্জনা সাইনবোর্ডের সামনে ফেলে রাখা হয়েছে। সেই বর্জ্য গিয়ে পড়ছে নদীতে। ময়লা-আবর্জনার চাপে সাইনবোর্ড হেলে পড়ছে নদের দিকে। জরাজীর্ণ হয়ে গেছে সাইনবোর্ডটি। এতে বোঝা যাচ্ছে না কোন সেবা প্রতিষ্ঠান থেকে সাইনবোর্ডটি লাগানো হয়েছিল।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, আব্দুল্লাহপুর এবং স্লুইসগেট এলাকার ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা মূলত সেখানে ময়লা ফেলেন। তাঁরা সারা দিন বেচাবিক্রির পর ময়লা-আবর্জনা রাতের অন্ধকারে ফেলে দিয়ে যান। অনেক রেস্তোরাঁর মালিকও সেখানে নিয়মিত ময়লা ফেলেন।
আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডের কয়েকজন ডাববিক্রেতা ডাবের খোসা ফেলার কথা স্বীকার করে বলেন, তাঁদের মতো ভ্রাম্যমাণ দোকানিদের আবর্জনা ফেলার জন্য আশপাশে কোনো ডাস্টবিন নেই। তাই বেচাবিক্রি শেষে তাঁরা সেখানে ময়লাগুলো ফেলেন।
ডাববিক্রেতা মো. দেলোয়ার বলেন, ‘১০ নম্বরের ডাস্টবিনে আমাদের আবর্জনা ফেলতে দেওয়া হয় না। তা ছাড়া আব্দুল্লাপুর বাজার ও স্লুইসগেট এলাকায় ময়লা রাখার কোনো পাত্রও নেই।’
নদে ময়লা-আবর্জনা ফেলার বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (ঢাকা জোন-২) রন্টি দেব বলেন, আবর্জনা ফেলার বিষয়টি দেখাশোনার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের নয়। এটা সিটি করপোরেশনের কাজ।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবছার উদ্দিন খান বলেন, সেখানে ময়লা ফেলার বিষয়টি তিনি জানেন না। এ ব্যাপারে তিনি খোঁজ নেবেন। আর ১০ নম্বরের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) আবর্জনা ফেলতে কোনো ব্যক্তিকে বাধা দেওয়া হয় কি না, সেটাও তাঁর জানা নেই।