‘বর্ডার হাটে আইছিলাম দেহি কিছুই নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্ডার হাটে আইছিলাম কিছু কিনবার নাইগা। আইসা দেহি কিছুই নাই। খালি কাঁচামাল। তা-ও আবার খুচরা বিক্রি করে না। তাই ফিরা যাইতাছি।’ কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারী গ্রামের মোস্তফা কামাল (৪০) এসব কথা বলেন।ভারতের পশ্চিম গারো হিল জেলার মহেন্দ্রগঞ্জ থানার কুলাইগাঁও গ্রামের হরিদাস কুচ বলেন, ‘হাট কইরা তো ভালা করছে, কিন্তু হাট চলে গেছে সিন্ডিকেট সদস্যদের হাতে। ভবিষ্যতে সাধারণ ক্রেতারা হাটে আসবে না।’ কালাইরচর গ্রামের বিক্রেতা দিলুবিন সাংমা (৩৫) বলেন, ‘বাংলাদেশি মেলামিন, প্লাস্টিক সামগ্রী ও তৈরি পোশাক আমাদের খুব পছন্দ। কিন্তু এসব পণ্য ভারতে নিতে দেয় না, গেট থাকি ফেরত দেয়।’ একই এলাকার খাসিপাড়ার মহুমা কোচ (৪৫) বলেন, ‘বাংলাদেশি গরম কাপড় পছন্দ করছি, বিএসএফের বাধার কারণে নিবার পারছি না। এর আগের হাট থাকি কাপড় কিনছিলাম, নিতে দেয় নাই, গেট থাকি ফেরত দিছে। কাপড়চোপড় কিনলে চুরি করি লুকিয়া নিয়া যাওয়া নাগে।’গত বুধবার সকাল ১০টার দিকে সরেজমিনে উভয় দেশের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এ সময় হাটের গেটে দেখা যায়, অসংখ্য মানুষ হাটে যাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। কার্ড দেখিয়ে ভেতরে যেতে হয়। লোকজন নৌকায় পার হচ্ছে। ভেতরে দু-একজন বিক্রেতা খুচরা বিক্রির জন্য কাঁচামালের পসরা সাজিয়ে বসলেও বাকিদের সিন্ডিকেটের আওতায় বস্তাবন্দী করে বসে থাকতে দেখা যায়। হাটে বাংলাদেশের বিক্রেতা ১২ জন ও ক্রেতা ১৬৯ জন এবং ভারতের বিক্রেতা ১৯ জন ও ক্রেতা ছিল ২৬ জন। বিক্রেতা আবদুস সামাদ জানান, বাংলাদেশি বিক্রেতারা অনুমোদিত পণ্য তৈরি পোশাক, প্রসাধনী ও মেলামিন সামগ্রী হাটে তুললেও তা ভারতীয় ক্রেতাদের কিনতে বাধা দিচ্ছেন ভারতের কাস্টমস কর্মকর্তা ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। এ জন্য বাংলাদেশি বিক্রেতারা এসব পণ্য হাটে তোলে না। ভারতের মসলা জাতীয় সামগ্রী বাংলাদেশে ব্যাপক চাহিদা থাকলেও ভারতের কাস্টম ও বিএসএফ হাটে আনতে বাধা দেয়।একই ধরনের কথা বলেন গারো হিলসের আপার কালাইরচরের আবদুর রাজ্জাক (৫৫), বাংলাদেশি বিক্রেতা রোকনুজ্জামান, একরাম হোসেন প্রমুখ।বর্ডার হাটের দায়িত্বে নিয়োজিত রাজীবপুর উপজেলা পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা এস এম রেজাউল করিম বলেন, ৬৯টি পণ্যের মধ্যে ৪৭টি বাংলাদেশি পণ্য হাটে বিক্রি হবে। কিন্তু মেলামিন ও প্লাস্টিকসহ যেসব দ্রব্য কুড়িগ্রামে উৎপাদিত হয় না, সেগুলো হাটে বেচাকেনার ওপর বিধিনিষেধ রয়েছে। ধানের বীজ, সরিষা, ধইঞ্চার বীজ ভারতীয় ক্রেতাদের কেনার আগ্রহ রয়েছে। এ দ্রব্যগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, কিছু কিছু সমস্যা আছে সেগুলো সমাধান হলে হাট জমবে। ভারতের ক্রেতাসংখ্যা বাড়াতে হবে। স্থানীয় পণ্য তুলে দিয়ে দেশীয় পণ্য অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদার করতে ২০১১ সালের ২৩ জুলাই কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারী সীমান্তে জিঞ্জিরাম নদের পাড়ে সীমান্ত হাট চালু করা হয়।