‘বল এখন কেন্দ্রীয় আ.লীগের কোর্টে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশী চার নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ অবস্থায় কোনো রকম প্রচার-প্রচারণা না চালিয়ে চারজনই তাকিয়ে আছেন ঢাকার দিকে। কেউ কেউ ঢাকায় অবস্থান করে চালিয়ে যাচ্ছেন দেন দরবার। কেন্দ্রের সমর্থন লাভের ব্যাপারে চার নেতাই শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘ফরিদপুর পৌরসভায় মেয়র পদে দলীয় সমর্থন কে পাবে, এ সিদ্ধান্ত এখন আর আমাদের আওতায় নেই। বল এখন কেন্দ্রীয় আওয়ামী লীগের কোর্টে। কেন্দ্র যতদ্রুত সে বলটি পাস করবে, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর জন্য তা ততই কাজে লাগবে।’১৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুবল সাহা, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান খান, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব মমতাজ আক্তারী ওরফে আইভী মাসুদ ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মনোনয়নপত্র জমা দেন।আইভী মাসুদ বলেন, ‘আমি কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। তিন বছর আগে থেকেই আমি নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। কেন্দ্র আমাকে সমর্থন করবে বলেই আমার বিশ্বাস।’ সুবল সাহা বলেন, ‘আমার ধারণা, দল চূড়ান্তভাবে আমাকেই মনোনয়ন দেবে। আমরা চেয়েছিলাম শ্রমমন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেনকে মেয়র প্রার্থী করতে। কিন্তু দল তা মেনে না নেওয়ায় আমি প্রার্থী হয়েছি।’ মাহবুবুর রহমান খান বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। দল চূড়ান্ত সিদ্ধান্ত না জানানোয় আমরা কেউ মাঠে নামতে পারছি না। অথচ অন্যরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমরা পিছিয়ে পড়ছি। আমি আশাবাদী দল চূড়ান্তভাবে আমাকেই মনোনয়ন দেবে।’ জিয়াউল হাসান বলেন, ‘দল সমর্থন দিলে নির্বাচন করব, না দিলে করব না। আমি সমর্থন পাব এ ব্যাপারে শতভাগ নিশ্চিত।’