‘বলবর্ধক’ পানীয় পান বাসরঘরে বরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথিত বলবর্ধক পানীয় পানের কারণে বাসরঘরে বরের মৃত্যু হয়েছে। নববধূ, নিহতের স্বজন ও বন্ধুদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। গত শুক্রবার বাসরঘরে ঢোকার পর অসুস্থ হয়ে মারা যান জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাজেম আলী মণ্ডলের ছেলে আতিকুর রহমান (২৫)।নববধূ বলেন, ‘উনি ঘরে ঢুকেই ছটফট করতে করতে খাটে বসে পড়েন। তখন তাঁর মাথা ঘুরছিল, গা ঘামছিল। এ সময় তিনি মাথায় তেল দেওয়ার কথা বলেন।’ তিনি (নববধূ) তেল আনতে যান। এদিকে আতিক খাট থেকে মেঝেতে পড়ে যান। রাত তখন সাড়ে ১১টা। নববধূ এসে দেখেই চিৎকার করে ওঠেন। স্বজনেরা ছুটে আসেন। দ্রুত জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়া হয় আতিককে।কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। আতিক উপজেলার মহব্বতপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ছিলেন।নাম প্রকাশে অনিচ্ছুক আতিকের এক বন্ধু জানান, শুক্রবার বিকেলের দিকে আতিক বাড়ির পাশের একটি দোকান থেকে ডাবল হর্স ও পাগলু ব্র্যান্ডের দুটি ‘বলবর্ধক’ পানীয় কিনছিলেন। বাজারে যেসব পানীয় বিক্রি হচ্ছে, তা পান করলে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে কি না, তা নিশ্চিত করতে পারেননি জয়পুরহাট সিভিল সার্জন আবদুল কাদের। তবে ৮ জানুয়ারি ‘সাত ধরনের পানীয়তে ক্ষতিকর উপাদান’ শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এসব পানীয় হূদেরাগের ঝুঁকি বাড়াতে পারে।