'বল' ধরতেই বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মধ্য বাড্ডার আদর্শনগরে গতকাল ককটেল বিস্ফোরণে দুই হাতের আঙুল উড়ে গেছে আট বছরের শিশু মেহেদি হাসান ফাহিমের। তাকে ভর্তি করা হয়েছে পঙ্গু হাসপাতালে। সন্তানের শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মা । ছবি: প্রথম আলো
রাজধানীর মধ্য বাড্ডার আদর্শনগরে গতকাল ককটেল বিস্ফোরণে দুই হাতের আঙুল উড়ে গেছে আট বছরের শিশু মেহেদি হাসান ফাহিমের। তাকে ভর্তি করা হয়েছে পঙ্গু হাসপাতালে। সন্তানের শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মা । ছবি: প্রথম আলো

বাসার সামনে খেলছিল ফাহিম ও ইয়াসিন। হঠাৎ দুই অপরিচিত লোক তাদের হাতে একটি ব্যাগে খেলার জন্য তিনটি ‘বল’ দিয়ে যায়। এগুলোর মধ্যে একটি হলুদ ও দুটি লাল রঙের। বল পেয়ে খেলতে শুরু করে ইয়াসিন। ফাহিমের দিকে ছুড়ে দেয় একটি লাল বল। বলটি ধরতেই বিস্ফোরণ। ফাহিমের হাত ও পেটে রক্তারক্তি অবস্থা।
গতকাল সোমবার সকাল নয়টায় রাজধানীর মধ্য বাড্ডার আদর্শনগরে এভাবেই ককটেলে ঝলসে যায় মেহেদি হাসান ফাহিম (৮) ও মো. ইয়াসিন (৭)। প্রথমে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেওয়া হয় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল)। ইয়াসিনের পায়ে আঘাত তুলনামূলক কম হওয়ায় তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়।
পঙ্গু হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, অস্ত্রোপচারে ফাহিমের ডান হাতের দুটি আঙুল রক্ষা করা যায়নি, বাঁ হাতে ক্ষত এবং পেটেও আঘাত রয়েছে।
পোশাককর্মী মা নাসিমা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি কাজে ছিলাম। কিছু জানি না। আমার পোলারে ভালা কইরা দেন।’
রাজধানীর মধ্য বাড্ডায় রিকশাচালক বাবা, মা ও বোন শান্তার সঙ্গে থাকে ফাহিম। সে আদর্শনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
ফাহিম ও ইয়াসিন পাশাপাশি বাসায় থাকে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ফাহিম ও ইয়াসিনকে অজ্ঞাতনামা লোক খেলার বল বলে ককটেল দিয়ে যায়। সেটি বিস্ফোরিত হয়ে আহত হয় দুজনই। এদিকে গত রোববার ভোরে বাসার সামনে পড়ে থাকা লাল স্কচটেপ জড়ানো ককটেলকে বল ভেবে হাতে নিতেই বিস্ফোরণের শিকার হয় আবিদ হোসেন রাকিব (১১)। হারায় ডান হাতের কবজি। দুই চোখের অবস্থা খারাপ হওয়ায় রাকিবকে পঙ্গু হাসপাতাল থেকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা রয়েছে।
চার ভাই ও এক বোনের মধ্যে রাকিব দ্বিতীয়। বাবা মৃত। মা রাশেদা বেগম প্লাস্টিকের কারখানায় কাজ করেন। তিনি বলেন, ‘গরিব মানুষের কপালে যত দুঃখ। একা সংসার চালাইতে পারি না। ছেলেরে ভালা খাওন দিবার পারি না। মন চায়, হগলে মিল্লা মইরা যাই।’ রাকিব বলে, ‘বল তুলতেই শব্দ। আর আমার হাতে রক্ত ঝরতে থাকে।’
দাদি রহিমা বেগম বলেন, ‘সকালে ঘর থেকে বের হইছিল রাকিব। কিছুক্ষণ পরেই কান্না শুনে আমি দরজা খুলে দেখি, বেহুঁশ হয়ে রাস্তায় পড়ে আছে রাকিব।’
দায়িত্বরত চিকিৎসক জানান, রাকিবের ডান হাতের পাঁচটি আঙুল ঝলসে গেছে, বাঁ হাত ও পায়ে ক্ষত আছে। তবে চোখের অবস্থা আশঙ্কাজনক। চক্ষু হাসপাতালের সহযোগী অধ্যাপক শওকত আরার তত্ত্বাবধানে রাকিবের চোখে আজ মঙ্গলবার সকালে অস্ত্রোপচার করা হবে।
বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৬ নভেম্বর থেকে এ পর্যন্ত দেশব্যাপী বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধের সময় ককটেল বিস্ফোরণ ও পরিবহনে আগুন দেওয়ার ঘটনায় প্রায় ২৫ জন শিশু-কিশোর হতাহত হয়েছে। এদের মধ্যে পঙ্গু হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছে তিন বছরের লিমা শিশু। এদের মধ্যে দুই কিশোর ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।