'বসুন্ধরা-৮ জাহাজ দায়ী নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে গত বৃহস্পতিবার রাতে ট্রলারডুবির ঘটনায় বসুন্ধরা-৮ জাহাজ দায়ী নয় বলে দাবি করেছে মালিকপক্ষ। এর পরও ট্রলার মালিক প্রতিষ্ঠান বসুন্ধরা-৮ জাহাজকে দায়ী করায় প্রকৃত ঘটনা বের করতে যৌথ জরিপ করার আহ্বান জানিয়েছে জাহাজের মালিকপক্ষ।

গতকাল সোমবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বসুন্ধরা-৮ জাহাজের পিঅ্যান্ডআই ক্লাবের স্থানীয় প্রতিনিধি ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের।

গত বৃহস্পতিবার রাতে সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে একটি বড় জাহাজের ধাক্কায় চিংড়ি মাছ ধরার ট্রলার এফভি বন্ধন ডুবে যায়। এতে দুজন জীবিত এবং একজনকে মৃত উদ্ধার করা হয়। ট্রলারটির ২৬ জন কর্মকর্তা ও নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। এ দুর্ঘটনার জন্য সিঙ্গাপুরগামী বসুন্ধরা-৮ জাহাজকে দায়ী করে ট্রলারের মালিকপক্ষ। বন্দর থানায় সাধারণ ডায়েরিতে ট্রলারমালিক প্রতিষ্ঠান বেঙ্গল ফিশারিজ লিমিটেড বিষয়টি উল্লেখ করেছে।

মহিউদ্দিন আবদুল কাদের বলেন, বসুন্ধরা-৮ জাহাজের ক্যাপ্টেন ও নাবিকেরা বলেছেন, তাঁদের জাহাজের সঙ্গে কোনো মাছ ধরার ট্রলারের সংঘর্ষ হয়নি।