'বহিষ্কারাদেশ' তুলে নেওয়ার অবরোধে যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি ফারুক ইসলামের ‘অস্থায়ী বহিষ্কারাদেশ’ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করেছেন তাঁর সমর্থকেরা। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে নগরের চকবাজার এলাকায় কলেজ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
অবরোধের কারণে নগরের ব্যস্ততম কলেজ সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অবরোধ চলাকালে এক রিকশাচালককে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। বেলা একটার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নগরের জামালখান থেকে চকবাজার, মুরাদপুর ও বহদ্দারহাট এলাকায় যাতায়াতের জন্য এই সড়ক ব্যবহার করা যায়।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ সড়কে গিয়ে দেখা যায়, ছাত্রলীগের অবরোধের কারণে গুলজার মোড় থেকে গণি বেকারি পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় মিনিবাস, টেম্পো, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা আটকা পড়ে। যাত্রীরা গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।
সিএনজিচালিত অটোরিকশাচালক মো. নুরুল ইসলাম ও রিকশচালক মো. জাফর প্রথম আলোকে বলেন, অবরোধের কারণে তাঁরা সড়কে ৪০ মিনিট আটকে ছিলেন। এ সময় অনেক যাত্রী অধৈর্য হয়ে গাড়ি থেকে নেমে যান।
অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের নেতা ফরমান আহমেদ ও চকবাজার থানা শাখা ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাতে কোনো কারণ না দেখিয়ে সহসভাপতি ফারুক ইসলামকে তিন মাসের জন্য অস্থায়ীভাবে বহিষ্কার করে নগর কমিটি। বহিষ্কারের আগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও চকবাজার থানা শাখা ছাত্রলীগের কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ছাত্রলীগের বহিষ্কৃত নেতা ফারুক ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নগর কমিটি এখতিয়ারবহির্ভূতভাবে আমাকে বহিষ্কার করেছে। এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কর্মীরা উত্তেজিত হয়ে সাময়িকভাবে সড়ক অবরোধ করেছে।’
তবে ফারুক ইসলামকে অস্থায়ীভাবে বহিষ্কার করার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের চট্টগ্রাম নগর শাখার সভাপতি ইমরান আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, বিশৃঙ্খল আচরণের অভিযোগে ফারুককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ জন্য তিন দিন সময় দেওয়া হয়। এর মধ্যে জবাব না দিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠানো হবে।