'বহুতল ভবন থেকে নাশকতা হলে মালিককে জবাবদিহির আওতায় আনা হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুতল ভবনের ছাদ থেকে নাশকতা করা হলে ওই ভবনের মালিককে জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল মঙ্গলবার সচিবালয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে নিরাপত্তাবিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
আসাদুজ্জামান খান বলেন, এখন দেশের প্রায় সব বহুতল ভবনে নিরাপত্তারক্ষী রয়েছে। যদি ওই ভবনগুলোর ছাদ থেকে কোনো নাশকতা করা হয়, তবে ওই ভবনের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হবে। ওই ভবনের মালিকদের জবাবদিহির আওতায় আনা হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নাগরিকদের নিরাপত্তার জন্য আবাসিক এলাকাগুলো ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনতে সরকারকে পরামর্শ দেওয়া হবে। বহুতল ভবনগুলোতে যাতে ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো হয়, ব্যাপারটি মালিকদের বিবেচনা করতে বলা হবে।
২৬ মার্চ উপলক্ষে বিশেষ নিরাপত্তা জারি করা হবে—এমনটা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় দিবসে বিশেষ মর্যাদাসম্পন্ন ব্যক্তি ও কূটনীতিকদের বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার পথের দুই পাশের বহুতল ভবনের মালিকদের নাশকতার ব্যাপারে সতর্ক করা হবে।