'বাঁইচ্যা যখন আছি, কিছু তো করতেই হইব'

সারা শরীরে ব্যথা। বাঁ কাঁধের ব্যথা কিছুক্ষণ পর পর চিনচিন কইর্যা ওঠে। বুক-পিঠে এখনো কী যেন চাইপ্যা ধরে। তয় বাঁইচ্যা যখন আছি, কিছু তো করতে হইব। কীভাবে করমু, ঝুঝতাছি না!’ সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অষ্টম তলায় ৮০৩ নম্বর বিছানায় হাত-পা টান টান করে শুয়ে থাকা অবস্থায় কথাগুলো বলছিলেন আবদুল হালিম খান। এপাশ-ওপাশ ঘুরলেই ব্যথা ছড়িয়ে পড়ে তাঁর শরীরজুড়ে। তিনি যখন গতকাল সোমবার সকালে কথা বলছিলেন, তখন পাশের বাকি নয়টি শয্যা একেবারে ফাঁকা। একাকিত্ব ঘিরে ধরায় দুশ্চিন্তার রেখা ফুটে উঠেছিল তার চোখেমুখে। গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজার ভবনধসে গুরুতর আহত হন ২৭ বছরের এই যুবক। রাজবাড়ী জেলার বকারটিলা গ্রামের আবদুল হালিম কাজ করতেন রানা প্লাজার অষ্টম তলায় নিউ ওয়েব বটম লিমিটেডে লাইন ইনচার্জ হিসেবে। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে প্রথম দিন রাতের বেলা হালিমকে উদ্ধার করে আনা হয় এনাম মেডিকেলে। সেই থেকে প্রায় ১১ সপ্তাহ এই হাসপাতালেই আছেন তিনি। প্রথম ১৫ দিন আইসিইউতে, যার ১০টি দিন অনেকটাই বাকরুদ্ধ ছিলেন হালিম। মাথা ফেটে যাওয়ায় পাঁচটি সেলাই, বুকে রড ঢোকায় কয়েক দফা অস্ত্রোপচারের ধকল—সবই ক্ষত-বিক্ষত করেছে হালিমের শরীরকে। এর মধ্যে আবার চোখে রক্ত জমাট বাঁধে তাঁর। তাই দেড় বছর বয়সী ছেলে ইয়াসিন ভয়ে শক্ত হয়ে যেত। হালিমের কাছে আসতে চাইত না। এনাম মেডিকেলের চিকিত্সায় এখন অনেকটাই সুস্থ হয়ে ওঠায় হালিমের ছেলে ফিরে এসেছে তাঁর কোলে। তাই একচিলতে হাসি দিয়ে তিনি বলেন, ‘হাসপাতালে যখন আসে, তখন ছেলে আমাকে জড়িয়ে বিছানায় শুয়ে থাকে।’ এ কথা বলার পরই মুখটি মলিন হয়ে যায় হালিমের। নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, ‘আমি তো আর আগের মতো কাজ করতে পারমু না। লাইনম্যানের কাজ হচ্ছে গার্মেন্টসের ভেতর দৌড়াদৌড়ি কইরা কাজ আদায় করা। কিন্তু আমি তো ঠিকমতো হাঁটতেই পারি না।’ ক্ষতচিহ্নগুলো দেখিয়ে হালিম আক্ষেপ করে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছে তাঁকে। কিন্তু এখানকার অনেক আহত ব্যক্তিকে সেখান থেকে ১০ লাখ টাকার ডিপোজিট করে দেওয়া হয়, তবে অঙ্গহানি না হওয়ায় সেই সুযোগ তিনি পাননি। হালিম বলেন, ‘এনামে বিভিন্নজনের কাছ থেকে মোট দেড় লাখ টাকা পেয়েছি। কিন্তু সাভারে আমার বাড়িভাড়াই দিতে হয় আঠারো শ টাকা। তার ওপর চার মাস ধরে বেকার। ১৫ হাজার টাকা বেতন পেয়ে গ্রামে মা-বাবার সংসারও আমি চালাতাম। সব খরচ এখন সাহায্যের দেড় লাখ টাকা ভেঙে চালাচ্ছি।’ হালিম জানান, স্ত্রী শাহিদা আক্তারও এখানে আসতে পারেন না। ছেলে ইয়াসিন হাসপাতালে বেশি সময় থাকতে চায় না। বিকেলে কিছু সময় থেকে শাহিদা বাড়ি চলে যান। রাতের বেলা ভীষণ ভয় করে হালিমের। আগে যে নয়জন রুগী ছিলেন, তাঁরা সবাই সুস্থ হয়ে বাড়ি চলে যাওয়ায় একাকী কাটাতে হয় তাঁকে।

স্ত্রী শাহিদার কথা জিজ্ঞেস করতে হালিম বলেন, ‘রানা প্লাজার সামনে কিসের যেন লিস্ট হইতাছে, সেখানে আছে।’ এ সময় মুঠোফোনে যোগাযোগ করা হলে শাহিদা বলেন, ‘সাহায্য বলতে থানা থেকে ১০ কেজি চাল পাইছি। এনাম মেডিকেল তার (হালিমের) চিকিত্সা করতাছে।’ শাহিদা জানান, তাঁর স্বামী আহত হওয়ার পর থেকেই সেলাই মেশিনে জামা তৈরির প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষ হলেই একটি পোশাক কারখানায় চাকরি নেবেন তিনি। হালিমের সুস্থ হতে আরও দেড় থেকে দুই বছর সময় লাগবে জানিয়ে এনাম মেডিকেল হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. দেবপ্রসাদ পাল বলেন, ‘শারীরিকভাবে অনেকটাই সুস্থ হলেও হালিম মানসিক চাপে আছে। ভয়ংকর দুর্ঘটনার পর একা থাকতে ওর মধ্যে ভীতি কাজ করছে।’ হালিমের সামনেই তাঁর এক্স-রে রিপোর্ট দেখিয়ে সার্জারি বিভাগের আরেক চিকিত্সক তারেক হাসান জানান, ব্যায়াম ও চিকিত্সকের পরামর্শ মানলে সুস্থ হবেন হালিম। এ জন্য দেড় থেকে দুই বছর সময় লাগবে। তবে হালিমের জন্য আগের মতো কাজের গতি ফিরে পাওয়া কঠিন হবে।এদিকে রানা প্লাজা ভবনধসের ঘটনায় আহত মনোয়ার হোসেন এখনো অচেতন অবস্থায় এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ) ১৫ নম্বর শয্যায় চিকিত্সা নিচ্ছেন। নিথর দেহটি তার পড়ে আছে সেখানে।মনোয়ারের বাবা খয়বার হোসেন বলেন, ‘আমি জানি না, মনোয়ার রানা প্লাজার কোন গার্মেন্টসে কাজ করত।’ তবে প্রধানমন্ত্রী ১০ লাখ টাকার ডিপোজিট করে দেওয়ায় মাসে ১০ হাজার টাকা করে পাচ্ছেন।
মনোয়ারের চিকিত্সা এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষই বহন করছে জানিয়ে আইসিইউর চিকিত্সক ডা. নায়েমা তাসমিম বলেন, ‘মনোয়ার কবে সুস্থ হবেন, সেটি সৃষ্টিকর্তাই বলতে পারবেন। শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। এখন তাঁকে গলা ফুটো করে নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে। ১০ দিন ধরে মাঝে মাঝে তাকাচ্ছেন তিনি। কিন্তু আইসিইউর চিকিত্সা অত্যন্ত ব্যয়বহুল।’
এক হাতেই রোজগারের আশা মরিয়মের
হালিমের পাশের কক্ষের ৮০৬ নম্বর বিছানায় ডান হাতে সকালের ডাল-ভাত দিয়ে নাশতা করছিলেন মরিয়ম আক্তার। রানা প্লাজার অষ্টম তলায় নিউ ওয়েবে সুইং অপারেটর হিসেবে মাসে বেতন ছিল তাঁর সাড়ে আট হাজার টাকা। রানা প্লাজা ধসের পর সামরিক হাসপাতালে বাঁ হাতের পুরোটাই কাটা পড়ে মরিয়মের। মরিয়ম জানান, একটি কৃত্রিম হাত পেলেও বাঁ হাতের বাকি অংশ তার ভার বইতে পারে না। ভাত খাওয়া বন্ধ করে তিনি বলেন, ‘এই হাত কি আর কাজে আসব! ব্যথা লাগে, তাই পরি না। বাইরে গেলে পরি, যেন কেউ বুঝতে না পারে আমার একটি হাত নেই।’ এক হাত না থাকলেও সেলাই করেই নয় বছরের মেয়ে সুমাইয়া ও সাড়ে ছয় বছরের ছেলে মাইনুদ্দিনের জীবন গড়ার কথা জানিয়ে মরিয়ম বলেন, ‘ছাড়াছাড়ি হওনে ছয় বছর ধরে আমার স্বামী ওদের দ্যাহে না। তয় হাত হারানোয় প্রধানমন্ত্রীর কাছ থ্যাইক্কা ১০ লাখ টাকার ডিপুজিট হওনে মাসে ১০ হাজার টাকা পামু। এক হাতে সিলাই করমু। ছেলেমেয়ে গো এই টাকা দিয়াই মানুষ করমু ।’
এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. সাফিন আরাফাত বলেন, এখনো রানা প্লাজার ঘটনায় আহত ১০ জন চিকিত্সা নিচ্ছেন। এর মধ্যে আটজন নারী, যাঁদের সবারই হাত অথবা পা কাটা পড়েছে। আজকালের মধ্যে তাঁরা বাড়ি ফিরে যাবেন।