
‘বাঁচার আর উপায় নাই, মাছ ধরেই বাঁচতে চাই’ স্লোগান নিয়ে গতকাল রোববার সুনামগঞ্জে হাওরের ভাসান পানিতে অবাধে মাছ ধরার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন হাওরের ফসলহারা লোকজন। জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।
দুপুরে বিক্ষোভ শেষে সদর উপজেলা পরিষদের সামনের সড়কে সমাবেশ করেন হাওরের ফসলহারা লোকজন। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পুলক তালুকদার, হাওরের ফসলহারা কৃষক আবদুল গফুর, এরশাদ মিয়া, আবদুস সোবহান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জের হাওর এলাকার মানুষ একদিকে কৃষক, অন্যদিকে জেলে। বর্ষায় হাওরের ভাসান পানিতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন তাঁরা। কিন্তু এবার কোনো ফসল না পাওয়ায় হাওর এলাকার কৃষক ও জেলেরা নিঃস্ব হয়ে পড়েছেন। অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন তাঁরা। এ অবস্থায় হাওরে মাছ ধরা ছাড়া তাঁদের কোনো বিকল্প কাজ নেই। কিন্তু হাওরের ভাসান পানিতে মাছ ধরতে ইজারাদারের লোকজন নানাভাবে তাঁদের বাধা দিচ্ছেন। তাই এ বছর সুনামগঞ্জের সব হাওরের ইজারা বাতিল করে ফসলহারা জেলে-কৃষকদের অবাধে মাছ ধরার সুযোগ দিতে হবে।
এর আগে গত এপ্রিল মাসে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ সংগঠনের সদস্যরা। সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী বলেছেন, ‘সুনামগঞ্জে হাওরের ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সোয়া তিন লাখ কৃষকপরিবার, কিন্তু সরকারিভাবে দেড় লাখ পরিবারকে প্রতিমাসে বিশেষ সহায়তা হিসেবে ৩০ কেজি চাল ও ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। এই সহায়তার বাইরে আছেন আরও পৌনে দুই লাখ কৃষক। আগামী একটি বছর হাওরে মাছ ধরা ছাড়া তাঁদের চলার কোনো উপায় নেই। তাই ফসলহারা জেলে-কৃষকদের স্বার্থে সব জলমহালের ইজারা বাতিল এবং উন্মুক্ত জলমহালে তাঁদের অবাধে মাছ ধরার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছি।’
এ প্রসঙ্গে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন, জেলার উন্মুক্ত সব জলমহালে জেলে-কৃষকেরা মাছ ধরতে পারবেন। যেসব জলমহালের ইজারা হয়ে গেছে, সেগুলোর সীমানা নির্ধারণ করে দেওয়া হবে। এর বাইরে মাছ ধরতে কারও কোনো বাধা নেই। হাওরের ফসলহারা কৃষকদের স্বার্থে বিষয়টি প্রশাসন থেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, সুনামগঞ্জে এবার ১৫৪টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। গত এপ্রিল মাসের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসল রক্ষা বাঁধ ভেঙে ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার ৩ লাখ ২৫ হাজার ৯৯০টি কৃষকপরিবার।