‘বাঁধ না হলি আমাগে আর বাঁচোনের উপায় থাকবি নানে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাঁধ না হলি আমাগে আর বাঁচোনের উপায় থাকবি নানে। এহেনে (এখানে) পানির যে স্রোত, তাতে বাঁধ টিকিয়ে রাখা দুষ্কর। ক্রস পাইলিংয়ে ধস নামিছে। চোখের সামনি সবকিছু ভাইসে যাতিছে’—কয়রার পবনা মঠবাড়ি ক্লোজারের (বাঁধের ভাঙা অংশ) কাছে দাঁড়িয়ে এভাবেই অনুভূতি জানাচ্ছিলেন মহারাজপুর গ্রামের বৃদ্ধ মোজাম্মেল হক। তিনি জানান, এই ক্লোজারের কারণে কয়রা, দক্ষিণ বেতকাশি, মহারাজপুর, বাগালিসহ কয়েকটি ইউনিয়নে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম মোহসিন রেজা প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় আইলায় কয়রা উপজেলার বাঁধ ৪৯টি পয়েন্টে ভেঙে যায়। এর মধ্যে দক্ষিণ বেতকাশির পাতাখালী, পদ্মপুকুর ও মহারাজপুর ইউনিয়নের পবনা মঠবাড়ি ছাড়া বাকি স্থানগুলোর ভাঙা অংশ ঠিক করা হয়েছে। এই তিন স্থানের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা পবনা মঠবাড়ি ক্লোজারটির।এই স্থানে বাঁধ মেরামতের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান আল-মামুন এন্টারপ্রাইজের ঠিকাদার আরিফ হোসেন জানান, সুন্দরবনের কোলঘেঁষা শাকবাড়িয়া নদীর কাছে বেড়িবাঁধের এই পয়েন্টে প্রায় ২৪৬ মিটার ক্লোজার সৃষ্টি হয়। দুই প্রান্ত থেকে প্লাস্টিকের ব্যাগে মাটি ভরে মেরামতকাজ শুরু হয়। কিন্তু ক্লোজারের মাঝের প্রায় ৫০ মিটার স্থানে জোয়ারের পানির চাপে ক্রস পাইলিং ভেঙে গেছে। দুই পাশের নির্মীয়মান বাঁধেও ফাটল ধরেছে। এ সংকট মোকাবিলায় দ্রুত এখানে জিও টেক্সটাইলের ব্যাগে করে মাটি ফেলতে হবে।বাঁধের কাজ দেখতে আসা খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাংসদ সোহরাব আলী জানান, মন্ত্রণালয়ে দেড় লাখ জিও ব্যাগের আবেদন জানানো হয়েছে। তিনি বলেন, পূর্ণিমার পর পানির চাপ কমে গেলে তিন-চার দিনের মধ্যেই এই মেরামতকাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।উপজেলা পরিষদের চেয়ারম্যান আরও বলেন, পবনা মঠবাড়ি ক্লোজারটি নির্মাণের পাশাপাশি বিকল্প হিসেবে কয়রা ৪ নম্বর লঞ্চঘাট থেকে ৪ নম্বর পুকুরপাড় হয়ে উত্তরচক মাদ্রাসা ভায়া মহারাজপুর কায়েম গাজীর ব্রিজ হয়ে হায়াতখালী বাজার পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণ করা গেলে এ অঞ্চলের পানির চাপ থাকবে না। এরই মধ্যে এই বিকল্প বেড়িবাঁধের কাজ শুরু করা হয়েছে।তিনি অভিযোগ করেন, পরিস্থিতির অবনতির জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ অনেকাংশে দায়ী। তাদের উদাসীনতা, দায়িত্বহীনতা ও দীর্ঘসূত্রতায় ক্লোজারটির পানির চাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে মেরামতকাজ শুরু করা হলে পরিস্থিতি আয়ত্তে রাখা সম্ভব হতো।অভিযোগের জবাবে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী দেব প্রতিম হাওলাদার বলেন, দরপত্র-প্রক্রিয়া ও ঠিকাদারদের অনীহার কারণে ক্লোজারটি সময়মতো নির্মাণ করা সম্ভব হয়নি।