‘বাঁধ ভাঙলি পর আমাগে আশা সব শেষ হই যাবিনে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবের পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যান্য এলাকার মতো বিপাকে পড়ে খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের বাসিন্দারা। সরকারি-বেসরকারি কোনো পক্ষ লোনা পানি থেকে তাঁদের রক্ষায় এগিয়ে না এলেও তাঁরা ভেঙে পড়েননি। কোমর বেঁধে নেমে পড়েন নিজেরাই। ত্রাণ হিসেবে সরকার থেকে তাঁদের জন্য যে চাল দেওয়া হয়, ওই চালের বিনিময়ে তাঁরা বাঁধের কাজ শুরু করেন। এভাবে তিন মাসের মধ্যে তাঁরা বাঁধ নির্মাণ সম্পন্ন করেন। এতে লোনা পানিমুক্ত হয় ওই ইউনিয়নের তিনটি ওয়ার্ডের আড়াই হাজার মানুষ।এখন তাঁরা ওই তিন ওয়ার্ডের ১২ হাজার বিঘা জমিতে ফসল ফলানোর স্বপ্ন দেখছেন। কিন্তু তাঁরা ভরসা পাচ্ছেন না। কারণ বাঁধটির অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় এটি ভেঙে আবার লোনা পানিতে তলিয়ে যেতে পারে তাঁদের জমিজমা।গতকাল রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সুতারখালী ইউনিয়নের শিবশা নদী সংলগ্ন কাচারিবাড়ি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে সুতারখালী নদীসংলগ্ন শশী ডাক্তারের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ বাঁধের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। স্থানীয়রা জানান, পানির চাপ বাড়লে যেকোনো সময় বাঁধটি ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। অনেক স্থানে ধানের চারা রোপণের উপযুক্ত হলেও বাঁধ ভেঙে প্লাবনের আশঙ্কায় অনেকেই জমিতে চারা লাগাতে সাহস করছেন না।কালাবগি গ্রামের মহসীন শেখ (৩৬) বলেন, ‘ইবার ধান চাষ করব বলে চারা দিছলাম। চারাও বড় হই গেছ। তয় বাঁইধের যে অবস্থা, তাতে চারা লাগিয়েও কোনো কাজ হবি বইল মনে হতিছ না। বাঁধ ভাঙই গিলি পর গ্রামের লোক আবার ঘরবাড়ি-ছাড়া হই পড়বি, আর এবারও ধান হবি নানে।’ একই গ্রামের অভয় চরণ মণ্ডল (৮০) বলেন, ‘বাঁধ দিয়ার পর মনে অচ্ছিল এবার আমুন অবে। তয় বাঁধ ভাঙলি পর আমাগে আশা সব শেষ হই যাবিনে। এ্যাত কষ্ট করি বাঁধটা দেছলাম, ওরা (কর্তৃপক্ষ) যদি এট্টু দিখতে; তালি পরে আর অসুবিধে হুতো না।’এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৯ সালের ২৫ মে আইলার আঘাতে দাকোপ সুতারখালী ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে ইউনিয়নের ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের জন্য বরাদ্দ ত্রাণের প্রায় ৪০০ টন চাল দিয়ে বাঁধ নির্মাণ করা হয়। এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ কাজ করে। দৈনিক ভিত্তিতে জনপ্রতি পাঁচ কেজি করে চাল দেওয়া হয়। এভাবে ভাটায় লোনা পানি নামিয়ে তাঁরা বাঁধ তৈরি করে ফেলেন। মুক্ত হন লোনা পানির কবল থেকে। এই কাজের উদ্যোগ নেন উপজেলার কালাবগি গ্রামের বাসিন্দা আবদুল মালেক। প্রায় ১২ হাজার বিঘা জমি এখনো পর্যন্ত লোনা পানিমুক্ত। তখন স্থানীয় সরকার কার্যালয় থেকে ত্রাণ হিসাবে আরও ২৪৭ টন চাল দেওয়ার কথা বলা হয়। এই পরিমাণ চালের জন্যও কাজ করেন গ্রামবাসী। কিন্তু সেই চাল এখনো গ্রামবাসীকে দেওয়া হয়নি। খুলনা জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, খুব শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।বাঁধ নির্মাণের উদ্যোক্তা আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ত্রাণের বাকি চাল দেওয়া হলে এবং সরকার কিছু অর্থ (পাঁচ থেকে সাত লাখ টাকা) দিলে বাঁধটি রক্ষা করা সম্ভব হবে।দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। কিন্তু কোনো পক্ষেরই সাড়া মেলেনি। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করে যাচ্ছি। তবে সীমাবদ্ধতার কারণে ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারি না।’গ্রামবাসী বাঁধের কাজের বিনিময়ে এখনো ২৪৭ মেট্রিক টন চাল পাবে বলে নিশ্চিত করেছেন খুলনা-১ আসনের (দাকোপ, বটিয়াঘাটা) সাংসদ ননী গোপাল মণ্ডল। তিনি প্রথম আলোকে বলেন, বর্তমানে বাঁধের অবস্থা বেশ খারাপ। দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় বাঁধটি ভেঙে যেতে পারে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।