‘বাঁধটা কাটিয়া দেইন, মানুষ বাঁচাইন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক মাস ধরি (ধরে) মানুষর (মানুষের) বাড়িঘরো পানি। খেত ডুবাইলাছে (তলিয়ে গেছে)। একটা বাঁধোর লাগি (জন্য) অউ (এই) দুর্গতি। বাঁধটা কাটিয়া দেইন (দেন), মানুষ বাঁচাইন (বাঁচান)।’ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল শনিবার বিকেলে কৃষক সমিতির এক সমাবেশে বক্তারা সরকারের কাছে এই আকুতি জানান। কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার ৪০টি গ্রামে দীর্ঘ জলাবদ্ধতা নিরসনে জুড়ী নদীর শাখার মোহনায় নির্মিত বাঁধ অপসারণের দাবিতে স্থানীয় কৃষক সমিতি মানববন্ধন ও সমাবেশ করে। গতকাল বিকেল পাঁচটায় উপজেলা সদরের শিশুপার্ক চত্বরে এই সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসলেহ উদ্দিন। এতে বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজউদ্দিন আহমদ, জেলা কমিটির সভাপতি আবদুল মালিক, এম এ অদুদ, আবদুল কাইয়ুম, আবদুল কাদির, এম এম আলাউদ্দিন প্রমুখ। এর আগে বন্যাপ্লাবিত শহরের জাঙ্গিরাই চত্বরে প্রায় আধা ঘণ্টা মানববন্ধন করা হয়। সভায় বক্তারা বলেন, টানা বৃষ্টি ও জুড়ী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওর উপচে কুলাউড়ার ভূকশিমইল, কাদিপুর, ভাটেরা ও বরমচাল; জুড়ীর জায়ফরনগর ও পশ্চিম জুড়ী এবং বড়লেখার তালিমপুর, বর্ণি, সুজানগর, দাসেরবাজার ও নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৪০টি গ্রামের প্রায় এক লাখ লোক এক মাস ধরে পানিবন্দী দিন কাটাচ্ছে। কেউ মারা গেলে দাফন করার শুকনো জায়গা পর্যন্ত নেই। প্রায় ১০ হাজার হেক্টর আউশ ধানের খেত পানির নিচে। রাস্তাঘাট ভেঙে গেছে। নলকূপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না। স্কুল-কলেজ-মাদ্রাসা ডুবে যাওয়ায় পাঠদান বন্ধ। বৃষ্টি হলেই পানি বাড়ছে।বক্তারা অভিযোগ করেন, ফেঞ্চুগঞ্জ উপজেলায় জুড়ী নদীর শাখার মোহনায় অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া মূল নদীর মোহনায় ইটভাটার খোয়া ফেলে রাখায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এসব কারণে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বক্তারা কৃষকদের ক্ষতিপূরণ দাবি করেন। একই সঙ্গে অবিলম্বে ওই বাঁধ কেটে দিতে সরকারের প্রতি অনুরোধ জানান। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘ফেঞ্চুগঞ্জের বাঁধের কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও মানুষের দুর্ভোগের বিষয়টি কয়েক দিন আগেই সরকারের উচ্চপর্যায়ে অবহিত করা হয়েছে। এখনো কোনো নির্দেশ পাওয়া যায়নি।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৪ সালের নভেম্বরে সিলেটের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেঞ্চুগঞ্জ উপজেলার বুড়িকোয়ারি বিলের কাছে জুড়ী নদীর শাখার মোহনায় প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি মাটির বাঁধ নির্মাণ করে। স্থানীয় পিটাইটুক গ্রামকে ভাঙনের কবল থেকে রক্ষা করতে এ উদ্যোগ নেওয়া হয়।