
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের বাসিন্দাদের জান-মাল রক্ষায় নতুন প্রযুক্তি ব্যবহার করে ‘স্থায়িত্বশীল বাঁধ’ নির্মাণ করে দেওয়া হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় বেসরকারি সংস্থা কারিতাস এ বাঁধ নির্মাণকাজ বাস্তবায়ন করেছে। কর্ডএইড দ্য নেদারল্যান্ডস এতে অর্থ-সহায়তা দিয়েছে।
বাঁধের নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় বুধবার নাচনাপাড়া গ্রামের বঙ্গবন্ধু কলোনিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফকরুল হাসান ও শিক্ষক মাহাবুব রব্বানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কারিতাস বরিশাল অঞ্চলের পরিচালক ফ্রান্সিস ব্যাপারী।
এলাকার বাসিন্দারা জানান, আন্ধারমানিক ও আড়পাঙ্গাশিয়া নদীর মোহনায় অবস্থিত নাচনাপাড়া গ্রামের দক্ষিণ-পশ্চিম অংশে অন্তত ২০০ পরিবারের বসবাস। স্বাভাবিক জোয়ারের পানিতে তাদের বাড়িঘরে পানি উঠত; মালামাল ক্ষতিগ্রস্ত হতো। প্রতিদিন দুই দফায় জোয়ারের পানিতে তারা ক্ষতিগ্রস্ত হতো। ঝড়-জলোচ্ছ্বাস হলে অবস্থা আরও ভয়াবহ হতো।
কারিতাসের কনিষ্ঠ কর্মসূচি কর্মকর্তা পরিতোষ চক্রবর্তী বলেন, বাঁধটির দৈর্ঘ্য ১ হাজার ৭৪০ ফুট। প্রস্থ নিচের দিকে ৫২ ফুট এবং ওপরের দিকে ১২ ফুট। আর উচ্চতা ৮ ফুট। এ বাঁধ নির্মাণে ১ কোটি ২৪ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের শিক্ষক মাহাবুব রব্বানী বলেন, ‘উপকূলের অন্য বাঁধগুলোর চেয়ে এ বাঁধ আলাদা প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে। প্রাথমিক স্তরে মাটিকে ধরে রাখার জন্য পাটের চট (সয়েল সেভার) বিছিয়ে দেওয়া হয়েছে। মাটির কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপে দূর্বা ঘাস, তৃতীয় ধাপে বিন্ন্যা ঘাস এবং চতুর্থ ধাপে গোলপাতা, কেওড়া, ছইলা, বাইনগাছ লাগানো হয়েছে। মাটি যাতে ঢেউয়ের চাপে সরে না যায়, সে জন্য এমন পদ্ধতি অবলম্বন করে বাঁধ নির্মাণ করা হয়েছে। আমরা মনে করছি এভাবে বাঁধ নির্মিত হওয়ার ফলে স্থায়িত্বশীল হবে।’
স্থায়িত্বশীল বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প কমিটির সাধারণ সম্পাদক মো. জুলহাস মোল্লা বলেন, ‘আগে সাধারণ জোয়ারের পানিতেও সবকিছু তলিয়ে যেত। মাচা দিয়া তার ওপরে আমরা থাকতাম। কইতে গেলে পানির লগেই আমরা বসবাস করতাম। বাঁধটা হওয়ায় আমাদের সব কষ্ট দূর হইছে।’