‘বাঁধহীন’ বরগুনায় হুমকিতে ১২ লাখ মানুষের জীবন-জীবিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় আইলা ও সিডরে দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলের জেলা বরগুনার বন্যানিয়ন্ত্রণ বাঁধের অধিকাংশ বিলীন হয়ে যাওয়ার পর আজও তা মেরামত ও নির্মাণে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে জেলার ১২ লাখ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। সামনে গ্রীষ্ম মৌসুমে উপকূলীয় নদ-নদীতে পানি বাড়ার পাশাপাশি লবণাক্ততার পরিমাণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে। এতে জেলার অধিকাংশ ফসলের মাঠ প্লাবিত হয়ে ভবিষ্যতেও ফসল উত্পাদন বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন এলাকার কৃষিজীবীরা। পাশাপাশি বড় ধরনের কোনো ঝড়-জলোচ্ছ্বাস হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছে জেলার বেশির ভাগ এলাকার মানুষ। চলতি মৌসুমে এ অঞ্চলের মানুষ নতুন বাঁধ নির্মাণের আশায় বুক বেঁধেছিল। কিন্তু প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না হওয়ায় এবারও তা সম্ভব হবে না বলে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানিয়েছেন। পাউবোর বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরে বিভাগের ছয় জেলায় প্রায় ১৮০ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ এবং এক হাজার ৪০০ কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতি হয় বরগুনা জেলার। এ জেলার ২২টি পোল্ডারের আওতায় ৫৪ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ও ৩৯৬ কিলোমিটার আংশিক ক্ষতি হয়। আইলায় বরিশালের ছয় জেলার ৫২৭টি বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৬৮ দশমিক ৮ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ ও পাঁচ দশমিক ১৯ কিলোমিটার আংশিক ক্ষতি হয়। পাউবো কর্মকর্তারা জানান, সিডরের পর ছয় জেলার ক্ষতিগ্রস্ত বাঁধ, স্লুইস গেট নির্মাণ ও মেরামতের জন্য ৪২৬ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়। বিশ্বব্যাংক ওই প্রকল্পের টাকা কাটছাঁট করে ১৮০ কোটি ৮৪ লাখ টাকা সহায়তা দেওয়ার জন্য সম্মত হয়। কিন্তু দুই বছরেও সে টাকা পাওয়া যায়নি।কৃষি বিভাগের স্থানীয় বিশেষজ্ঞরা জানান, বন্যানিয়ন্ত্রণ বাঁধ না থাকায় জেলার এক হাজার ৭৫০ হেক্টর ফসলি জমি স্বাভাবিক জোয়ারে প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে। জোয়ারের লবণাক্ত পানি ঢুকে জমির উর্বরাশক্তি হ্রাস পাচ্ছে। পাউবো বরগুনা কার্যালয়ের কর্মকর্তারা জানান, আর্থিক হিসেবে আইলা জেলায় বাঁধের ২৮ কোটি ৭৪ লাখ টাকার ক্ষতি করেছে। এর অনুকূলে অর্থ পাওয়া গেছে মাত্র এক কোটি টাকা ও দেড় হাজার মেট্রিক টন খাদ্যশস্য। এই স্বল্প সহায়তা দিয়ে কিছু বাঁধ জরুরি ভিত্তিতে মেরামত করা হলেও সেগুলো জোয়ারের চাপ সহ্য করার মতো উপযোগী নয়। পাউবো বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আ. মজিদ জানান, গত বছর আইলায় বরগুনায় ৯৭টি স্থানে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। তিনি বলেন, ‘আমরা এসব ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের জন্য এখনো কোনো বরাদ্দ পাইনি।’ হতাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি নিজেও এসব বাঁধ সংস্কারের বরাদ্দ চাইতে চাইতে এখন ক্লান্ত। বরগুনায় এখন হালকা ধরনের কোনো ঝড় বা জলোচ্ছ্বাস হলেও অনেক জানমালের ক্ষতি কোনোক্রমেই রোধ করা সম্ভব হবে না।’ তিনি আরও বলেন, কদিন পরই শুরু হবে গ্রীষ্ম মৌসুম। এই মৌসুমে নদ-নদীতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাবে। আর ভাঙা বাঁধ দিয়ে অনায়াসে ফসলি মাঠে এই লবণাক্ত পানি ঢুকে প্লাবিত হবে। এ বছরও এসব বাঁধ মেরামত ও নির্মাণে কোনো সম্ভাবনা এখন আর নেই।