‘বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে’
‘কয়েক দিন আগের ঝড়ে বারান্দার ছাদ ধসে পড়েছে। কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে বাঁশ দিয়ে কোনোমতে ঠেকিয়ে রাখা হয়েছে।’ বললেন খুলনার শিল্পাঞ্চল খালিশপুরের প্লাটিনাম জুট মিলের অভ্যন্তরের চিকিৎসাকেন্দ্রের মেডিকেল অফিসার রেজাউল করিম। এ ছাড়া আবাসন ভবনগুলোতে ঝুঁকি নিয়ে বাস করছেন প্লাটিনাম জুট মিলের কয়েক হাজার শ্রমিক। দীর্ঘদিন কোনো রকমের সংস্কার না হওয়ায় মিলের শ্রমিক আবাসন ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে এখানে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।প্লাটিনাম জুবিলি জুট মিলটি ১৯৫৪ সালে খুলনার শিল্পাঞ্চল খালিশপুরে ৬১ দশমিক ৪৪ একর জমির ওপর স্থাপিত হয়। ১৯৮০-এর দশক পর্যন্ত মিলটি লাভজনক পর্যায়ে ছিল। শ্রমিকদের কল্যাণে শ্রমিক-কর্মচারী আবাসন ভবন, চিকিৎসাকেন্দ্র, শ্রমিকদের ছেলেমেয়েদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান করা হয়। কিন্তু বিশ্ববাজারে পাটের চাহিদা হ্রাস পাওয়ায় মিলটি লোকসানের মুখে পড়ে। মিলের শ্রমিক মিন্টু মিয়া প্রথম আলোকে জানান, আবাসন এলাকায় প্রায় তিন হাজার শ্রমিক পরিবার-পরিজন নিয়ে বাস করেন। কিন্তু কয়েকটি ভবনের ছাদ ও দেয়াল ভেঙে পড়ায় সেগুলোকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। প্লাটিনাম শ্রমিক এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ বেল্লাল হোসেন জানান, ঝুঁকিপূর্ণ হওয়ায় মিলের পাঁচটি দোতলা ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এসব ভবনে (প্রতিটিতে ২৬টি কক্ষ) শতাধিক পরিবার বসবাস করত। পরিত্যক্ত ঘোষণার পর পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার পর ব্যাচেলর শ্রমিকেরা এখানে উঠে এসেছে। গত শনিবার দুপুরে শ্রমিকদের আবাসন এলাকা ঘুরে দেখা যায়, সংস্কার না হওয়ায় কয়েকটি ভবনের অনেকাংশ ভেঙে পড়েছে। বাঁশের খুঁটি দিয়ে কোনো কোনো জায়গায় ছাদের ধস ঠেকিয়ে রাখা হয়েছে। দোতলার বারান্দা ও সিঁড়ি ভেঙে পড়ায় শ্রমিকেরা দোতলায় উঠতে বাঁশের সিঁড়ি ব্যবহার করছেন। বিদ্যুৎবিহীন পরিত্যক্ত ভবনের নিচতলার একটি কক্ষে কয়েকজন শ্রমিক গাদাগাদি করে শুয়ে আছেন। বিম ও দেয়ালে বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়েছে। প্লাটিনাম জুট মিলের প্রকল্প পরিচালক জসিম উদ্দিন বলেন, দীর্ঘদিন মিলটি লোকসানে থাকায় যেখানে শ্রমিক-কর্মচারীদের বেতন-মজুরি দেওয়া কঠিন হয়ে পড়েছিল, সে সময় মিলের অবকাঠামোগুলোর সংস্কার করা ছিল অসম্ভব। এর মধ্যে শ্রমিকদের আবাসন ভবন ও চিকিৎসাকেন্দ্রটির অবস্থা ভয়াবহ। সংস্কারের সামান্য বরাদ্দ দিয়ে এটি মেরামত সম্ভব নয়।