'বাঁশ' পিডি সাদেক কিশোরগঞ্জে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার বহুল সমালোচিত ‘বাঁশ’ পিডি সাদেক ইবনে শামছ খাগড়াছড়িতে কাজে যোগ দিতে না পারলেও কিশোরগঞ্জে যোগদান করেছেন।

এদিকে তাঁর যোগদানের খবর ছড়িয়ে পড়লে জেলার সুশীল সমাজ, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এই কর্মকর্তাকে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।
কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম জানান, গতকাল বুধবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা কৃষি অধিদপ্তরে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে যোগ দেন সাদেক ইবনে শামছ।
সম্প্রতি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ২ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালকের কার্যালয়ের ভবন নির্মাণের কাজে রডের বদলে বাঁশসহ নিম্নমানের উপকরণ ব্যবহারের ঘটনা ঘটে। এই নির্মাণ প্রকল্পে সাদেক ইবনে শামছ প্রকল্প পরিচালক ছিলেন। কিন্তু সে কাজে আরসিসি ঢালাইয়ের ক্ষেত্রে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়। এর ফলে শাস্তিস্বরূপ তাঁকে ১১ এপ্রিল খাগড়াছড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। ১৯ এপ্রিল তাঁর নতুন কর্মস্থলে যোগদানের কথা ছিল। খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর প্রবল আপত্তির মুখে সাদেক ইবনে শামছ সেখানে যোগ দিতে পারেননি। তিনি শুধু আপত্তিই জানাননি; কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন যে সাদেক ইবনে শামছের মতো সরকারি কর্মকর্তাকে তিনি গ্রহণ করবেন না। এরপর সরকার তাঁকে খাগড়াছড়ি থেকে প্রত্যাহার করে কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বদলি করে। গতকাল তিনি কিশোরগঞ্জে কাজে যোগ দিয়েছেন।
সাদেক ইবনে শামছের কাজে যোগ দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেকে। এ নিয়ে কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের সমন্বয়কারী এনায়েত করিম অমি বলেন, ‘এই দুর্নীতিবাজ কর্মকর্তা কিশোরগঞ্জে আসায় আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। যেখানে খাগড়াছড়ির মানুষ তাঁকে গ্রহণ করেনি। কিশোরগঞ্জে প্রশ্নই ওঠে না। আন্দোলনের মাধ্যমে তাঁকে কিশোরগঞ্জে প্রতিহত করা হবে।’
কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই সৈয়দ আশফাকুল ইসলাম বলেন, ‘সাদেকের মতো একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে কিশোরগঞ্জে বদলি করা হবে, এটা আমরা কখনো প্রত্যাশা করতে পারি না। এ বিষয়ে সরকারের কাছে আমরা আবেদন করব, তাঁকে যেন অতি দ্রুত এখান থেকে সরিয়ে নেওয়া হয়।’
নাম প্রকাশ না করার শর্তে অনেক সরকারি কর্মকর্তা বলেন, ‘এই সমালোচিত পিডি কিশোরগঞ্জে কাজে যোগদান করায় আমরা বিব্রত বোধ করছি। যেখানে খাগড়াছড়ির মানুষ তাঁকে ‘বাঁশ’ দিয়ে ঠেলে দিয়েছে। সেখানে কিশোরগঞ্জের মানুষ তাঁকে ফুল দিয়ে কীভাবে বরণ করে নিয়েছে?’
কিশোরগঞ্জে যোগদানের পর এ বিষয়ে সাদেক ইবনে শামস বলেন, রডের পরিবর্তে বাঁশ দেওয়ার ব্যাপারে তিনি কিছুই জানেন না। তখন তিনি তাঁর মেয়ের চিকিৎসা করাতে ভারতের ভেলোরে অবস্থান করছিলেন। সেখান থেকে ঘটনা জানতে পেরে কাজ বন্ধ রাখার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছিলেন। কিন্তু এরই মধ্যে তাঁকে বদলি করা হয়েছে। তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং নির্মাণশ্রমিকেরা এই অনিয়মের সঙ্গে জড়িত থেকে কাজটি করতে পারেন।

আরও পড়ুন: