‘বাংলা চ্যানেলে’ এবার সাঁতরাবেন দুই বিদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো বিদেশি দুজন ইংলিশ চ্যানেল সাঁতারুর অংশগ্রহণের মধ্য দিয়ে ‘বাংলা চ্যানেল’ সাঁতার আন্তর্জাতিক রূপ পেতে যাচ্ছে। এভারেস্ট একাডেমি আয়োজিত এ ম্যারাথন বা দূরপাল্লার সাঁতার অনুষ্ঠিত হবে ১৭ মার্চ। সকাল ছয়টায় টেকনাফ ফিশারিজ জেটি থেকে সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে সাঁতার শেষ হবে।গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘প্রথম আন্তর্জাতিক বাংলা চ্যানেল ম্যারাথন সাঁতার ২০১২’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ বিষয় বিস্তারিত জানানো হয়। এবারের ম্যারাথন সাঁতারে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমসহ লিপটন সরকার, ইংলিশ চ্যানেল সাঁতারু নেদারল্যান্ডের ভ্যান গুল মিলকো ও ইতালির ফেরার টুলি অংশ নেবেন। এ সাঁতারে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাওয়া মুসা ইব্রাহীম সংবাদ সম্মেলনে বলেন, আগামী বছর থেকে সার্কভুক্ত দেশের সাঁতারুদের অংশগ্রহণে বাংলা চ্যানেল ম্যারাথন আয়োজন করা হবে। তিনি ২০১৪ সালে নিজের ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার পরিকল্পনার কথাও আবার জানান এ সময়। দেশের কয়েকজন অভিযানপ্রেমী সেন্ট মার্টিন অভিমুখী দূরপাল্লার এ সাঁতারের সূচনা করেছেন। বঙ্গোপসাগরের এ পথটি তাঁদের সুবাদে ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত হয়ে উঠছে। ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি নেটেশনের (ফিনা) মানদণ্ড অনুযায়ী উন্মুক্ত পানিতে ন্যূনতম সাড়ে ১০ কিলোমিটার সাঁতার ম্যারাথনের সমান। এবার বাংলা চ্যানেল সাঁতারুরা ১৬ দশমিক ১ কিলোমিটার (প্রায় ১০ মাইল) সমুদ্রপথ সাঁতরে পার হবেন। এবারের সাঁতার আয়োজনের মাধ্যমে সংগৃহীত অর্থ ঝুঁকিতে থাকা চার ও তদূর্ধ্ব বয়সী শিশুদের সাঁতার শেখানোর প্রতিষ্ঠান ‘সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ’কে দেওয়া হবে। আয়োজনে সহযোগিতা করছে এক্সট্রিম বাংলা, প্রফেশনালস সিস্টেমস ও নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ।