'বাংলা ভাষা উদাসীনতার শিকার'
সব ক্ষেত্রে বাংলা ভাষা আজ উদাসীনতার শিকার। বাংলা ভাষা প্রচলনে অনেক আলোচনা হয়, অনেক সিদ্ধান্ত হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। বাংলা ভাষাকে রক্ষা করতে হবে। আঞ্চলিক ও ইংরেজি ভাষার আগ্রাসন প্রতিহত করে প্রমিত বাংলা ভাষা প্রচলন করতে হবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।
দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএবি) ঢাকা আঞ্চলিক কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। পুরস্কার বিতরণের আগে আঞ্চলিক কমিটির সদস্যদের শিশু সন্তানদের নিয়ে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা।
অনুষ্ঠানে এবারের একুশে পদক পাওয়া ভাষাসৈনিক জসীম উদ্দিন আহমেদ বলেন, একুশে ফেব্রুয়ারির গুলির কারণে বাঙালি জাতির স্বাধীন সত্তার চেতনা জাগ্রত হয়। পরে মুক্তিযুদ্ধ হয় ও দেশ স্বাধীন হয়। এ জন্য তিনি ভাষাসৈনিকদের প্রথম সারির স্বাধীনতাসংগ্রামী হিসেবে স্বীকৃতি দিয়ে সুযোগ-সুবিধা ও সম্মান দেওয়ার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনে প্রথম আলোর উদ্যোগে বর্ণমেলা, ভাষা প্রতিযোগের আয়োজন করাসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, সর্বস্তরে বাংলা প্রচলনের দাবিতে প্রথম আলোর উদ্যোগে আরও বেশি আলোচনা সভা, বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
আইসিএবির সভাপতি কামরুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইসিএবির সহসভাপতি মাহমুদুল হাসান ও পরিষদ সদস্য দেওয়ান নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিএবির ঢাকা আঞ্চলিক কমিটির সভাপতি আলামীন সিদ্দিকী।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।