‘বাংলা ভাষা শুদ্ধভাবে পড়তে ও লিখতে হবে’
বাংলাকে সঠিকভাবে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে এ ভাষা শুদ্ধভাবে পড়তে ও লিখতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল সোমবার মৌলভীবাজারের শমশেরনগরে আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলে এক আলোচনা সভায় জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী এ কথা বলেন।গতকাল সোমবার সকাল সোয়া নয়টায় জিনবিজ্ঞানী আবেদ চৌধুরীর নেতৃত্বে আইডিয়াল কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকেরা শমশেরনগর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল ১০টায় ওই বিদ্যালয়ের প্রাঙ্গণে কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবেদ চৌধুরী। আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান।জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন ও দেশকে সার্বিকভাবে সমৃদ্ধ করতে হলে বিজ্ঞজনেরা শুধু ঢাকায় বসে কাজ করলে চলবে না; নগর ছেড়ে ছোট শহর ও গ্রামে যেতে হবে। মহান মুক্তিযুদ্ধে শমশেরনগরের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। তাই বর্তমান প্রজন্মের কাছে শমশেরনগরের মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরতে হবে।সভা শেষে আইডিয়াল কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে।