'বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সনদ হাতে বিজয়ী শিক্ষার্থীরা। গতকাল পাবনা অঞ্চলের ভাষা প্রতিযোগে । ছবি: প্রথম আলো
সনদ হাতে বিজয়ী শিক্ষার্থীরা। গতকাল পাবনা অঞ্চলের ভাষা প্রতিযোগে । ছবি: প্রথম আলো

‘ভাষার জন্য যুদ্ধ করা হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। ভাষা প্রবহমান, যুগে যুগে ভাষার পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হবে।’
গতকাল শুক্রবার পাবনা অঞ্চলের ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হয়েছে। সেখানে কথাগুলো বলেন পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান। তিনি সকাল সাড়ে ১০টায় স্কুল প্রাঙ্গণে ভাষা প্রতিযোগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। আর ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম।
পাবনা, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলার প্রায় ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ২৫০ জন শিক্ষার্থী প্রতিযোগে অংশ নেয়। উদ্বোধন পর্ব শেষে তারা ৪০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নেয়। পরে ছিল প্রশ্নোত্তর পর্ব। ভালো প্রশ্নের জন্য শিক্ষার্থীদের বই ও কিশোর আলো উপহার দেওয়া হয়।
শিক্ষার্থীদের নানা বুদ্ধিদীপ্ত ও কৌতূহলী প্রশ্নের জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল আলীম, পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, পাবনা ক্যাডেট কলেজের বাংলা বিভাগের প্রভাষক হাফিজুর রহমান।
প্রথম আলোর ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন নির্বাহী কাজী রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা জিলা স্কুলের সহকারী শিক্ষক কামরুজ্জামান, প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ ও পাবনা বন্ধুসভার সভাপতি স্বাধীন মজুমদার।
প্রতিযোগে চারটি বিভাগে ১৫ জন করে মোট ৬০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। সেরাদের সেরা হয়েছে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী সিদ্দিকা জান্নাতুল ফেরদৌস।
এইচএসবিসি, প্রথম আলো ও গণসাক্ষরতা অভিযান যৌথভাবে এ ভাষা প্রতিযোগের আয়োজন করে।
চট্টগ্রামে আজ ভাষা প্রতিযোগ: চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, চট্টগ্রাম অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ শনিবার সকাল নয়টায় নগরের এনায়েত বাজার রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। অতিথি হিসেবে থাকবেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক তারেক রেজা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মাহবুবুল হক, চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজের উপাধ্যক্ষ আইয়ুব ভূইয়া, শিক্ষক ফেরদৌস আরা, নজরুল ইসলাম প্রমুখ।