'বাংলা হোক বিশ্বের সেতুবন্ধনের ভাষা'

বাংলা শুধু প্রাণের ভাষা হয়েই থাকবে না, এ ভাষা একদিন হয়ে উঠবে বিশ্বের সব মানুষের প্রাণে প্রাণে সেতুবন্ধনের ভাষা। আজ শুক্রবার পটুয়াখালীতে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ উত্সবে অতিথিরা এসব কথা বলেন।
এবার ভাষা প্রতিযোগের এ আয়োজনের ১০ বছর পূর্তি হলো। এ বছর উত্সবের সহযোগিতায় রয়েছে গণসাক্ষরতা অভিযান। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক শংকর কুমার পাল। এ সময় ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. হাকিম আরিফ । বন্ধুসভার সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করেন।
উত্সবে আসা অতিথিরা বলেন, শুধু একটি ভাষাকে কেন্দ্র করে, একটি ভাষার মর্যাদা রক্ষার অগ্নিশপথ নিয়ে একটি স্বাধীন দেশের সৃষ্টি হয়েছে, বিশ্বে এমন দেশ দ্বিতীয়টি নেই।
শিক্ষার্থীদের উদ্দেশে তাঁরা বলেন, ‘দেশের প্রতি তোমাদের যে শ্রদ্ধা ও প্রেম, তা সমান ধারায় বাংলা ভাষার প্রতিও প্রবাহিত হতে হবে । এ ভাষার রয়েছে অন্তর্নিহিত শক্তি আর অপার সম্ভাবনা। তোমরা সে শক্তিকে জাগিয়ে তুলবে, সম্ভাবনাকে সফল করবে। জ্ঞান-বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি এবং জীবনে প্রায়োগিক ক্ষেত্রে সর্বত্রই বাংলা ভাষা ব্যবহারের পরিধি বাড়িয়ে এ ভাষার গৌরবকে ছড়িয়ে দেবে সারা বিশ্বে।’
উত্সবে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারেক রেজা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক শুসমিন আফসানা, পটুয়াখালী একেএম কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অশোক কুমার দাস, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানিম জসীম, পটুয়াখালী টাউন উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক নির্মল কুমার দাসগুপ্ত, প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ রাশেদ, প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক ফিরোজ জামান চৌধুরী উপস্থিত আছেন।
প্রতিযোগে ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা পটুয়াখালী ও বরিশালের প্রায় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। উত্সবে উপস্থিত আছে শিক্ষক ও অভিভাবকেরা। উদ্বোধনের পরে ৪০ মিনিটের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষে থাকবে পুরস্কার বিতরণী পর্ব। সেখানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হবে।