
বাংলাদেশ এখন নেতা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত যুব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে রাজনীতিকদের মুখে এত বিষ, ফরমালিনের বিষকেও হার মানায়। বাংলাদেশের রাজনীতিতে এখন কর্মী উৎপাদন হয় না। বাংলাদেশ এখন নেতা উৎপাদনের কারখানা। বিলবোর্ডের দিকে তাকালে বোঝা যায়। সব নেতা, আতিনেতা, পাতিনেতা, কত যে নেতা। এসব নেতা দেশের কোনো কাজে লাগে না।’
র্যা ডিসন ব্লু হোটেলের মেজবান হলে অনুষ্ঠিত যুব সম্মেলনে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ তরুণ-তরুণী অংশ নেন। ছিলেন তরুণ উদ্যোক্তারাও। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। আরও বক্তব্য দেন সাংসদ তাজুল ইসলাম, সাংসদ এম এ লতিফ, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম ও শ্রীলঙ্কার ফেডারেল চেম্বারের সভাপতি শরত প্রেমাতুঙ্গে কাহাপালারেচি।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন। তরুণদের প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন মাহ্ফুজ আনাম।
তরুণদের দেশের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পৃথিবীর সাতটি শৃঙ্গে জাতীয় পতাকা উত্তোলনকারী ওয়াসফিয়া নাজরীন বাংলাদেশের। বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিবের দেশ বাংলাদেশ। যারা এ দেশকে ২০০ বছর শাসন করেছিল, সেই ব্রিটিশ পার্লামেন্টেও টাইগারের গর্জন। সেখানেও আছেন আমাদের তরুণ তিন সদস্য। তরুণেরাই এ দেশের হাল ধরবে।
ডেইলি স্টর সম্পাদক মাহ্ফুজ আনাম তরুণদের উদ্দেশে বলেন, এই পৃথিবী দক্ষতার পৃথিবী। ইন্টারনেটে দেশে বসে এখন সারা বিশ্বে ব্যবসা করা যায়। কোনো ভৌগোলিক পার্থক্য নেই। পার্থক্য কেবল দক্ষ বিশ্ব ও অদক্ষ বিশ্বের। তরুণদের দক্ষ বিশ্বের প্রতিনিধিত্ব করতে হবে। তিনি বলেন, যে দেশে মানবসম্পদ সৃজনশীলতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, সেই দেশই ধনী। তরুণদের সৃজনশীল হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। গতানুগতিক চিন্তা থেকে বের হয়ে আসতে হবে।
মাহ্ফুজ আনাম বলেন, ‘বিশ্বের প্রথম সিলিকন ভ্যালি হয়েছে আমেরিকায়। সবার ধারণা ছিল, দ্বিতীয় সিলিকন ভ্যালিটি আমেরিকার মতো উন্নত কোনো দেশে হবে। কিন্তু দ্বিতীয় সিলিকন ভ্যালি হয়েছে ভারতে। তৃতীয় সিলিকন ভ্যালি কেন চট্টগ্রামে তথা বাংলাদেশে হতে পারে না।’
যুব সম্মেলনে চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নূরন নেওয়াজ সেলিম ও সহসভাপতি জামাল আহমেদ বক্তব্য দেন।