'বাংলাদেশ ও ভারতের সহজাত সম্পর্ক পুনঃস্থাপন হয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গওহর রিজভী
গওহর রিজভী

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি সহজাত সম্পর্ক রয়েছে। ১৯৭৫ সালের পর অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে ভারতবিদ্বেষী মনোভাব সৃষ্টি করে সে সম্পর্কের অবনতি ঘটানো হয়েছিল। কিন্তু বর্তমান সরকারের সময়ে সেই সহজাত সম্পর্ক আবার পুনঃস্থাপন হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক বক্তৃতায় গওহর রিজভী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপল‌ক্ষে এই ‘ফাউন্ডেশন ডে লেকচারের’ আয়োজন করা হয়।
গওহর রিজভী বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থাকায় অনেক অমীমাংসিত সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। এর ধারাবাহিকতায় অচিরেই তিস্তার পানি চুক্তিসহ দুই দেশের যৌথ নদী ব্যবস্থাপনা কার্যক্রম চালু হবে। বাংলাদেশের দারিদ্র্যবিমোচন, বিদ্যুৎ খাতের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন ও অর্থনৈতিক উন্নয়নে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন দিয়ে ভারত এ দেশকে রক্তের বন্ধনে আবদ্ধ করেছে, যেটা পৃথিবীর ইতিহাসেই বিরল।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিশ্বজুড়ে সংঘর্ষের কারণগুলো চিহ্নিত করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উপায় বের করতে হবে। সন্ত্রাসী ও জঙ্গিবাদী গোষ্ঠীর হাত থেকে মানবসভ্যতাকে রক্ষা করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান অনুষ্ঠান সঞ্চালনা করেন। আলোচনা শেষে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি শান্তি শোভাযাত্রা হয়।