'বাংলাদেশ কখনোই এমন ছিল না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা প্রথম থেকেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক প্রচার পেয়েছে। গতকাল রোববারও তার ব্যতিক্রম ছিল না। নিচে শীর্ষ প্রভাবশালী কিছু বিদেশি সংবাদমাধ্যমে প্রচারিত এ-বিষয়ক সংবাদের চুম্বক অংশ তুলে ধরা হলো।
বাংলাদেশ কখনোই এমন ছিল না: সিএনএন
ঢাকার সড়কে রোববারও রিকশা পথরোধ করায় বেজে উঠেছে গাড়ির হর্ন। ফেরিওয়ালারা তাঁদের তাজা সবজি বিক্রি করতে হাঁক ছেড়েছেন। ঢাকার রেস্তোরাঁয় প্রাণঘাতী হামলার ঘটনায় শোকগ্রস্ত বাংলাদেশে এমন দৃশ্যে বিপরীত দৃষ্টিভঙ্গির মানুষেরা হয়তো ভিন্ন ভিন্ন মত দেবেন। কিন্তু এখানকার কয়েকজন মানুষের সঙ্গে কথা বললেই স্পষ্ট হয়ে যাবে, এখনকার আবেগ পুরোপুরি ভিন্ন। এবার কোনো ভিন্নমতাবলম্বী বা শুধু ভিন্ন ধর্মাবলম্বীকে হত্যা করা হয়নি। বাংলাদেশ কখনোই এমন ছিল না।
ঢাকায় রেস্তোরাঁয় হামলায় শোকগ্রস্ত বাংলাদেশ: বিবিসি
রাজধানী ঢাকায় একটি রেস্তোরাঁয় ইসলামিক স্টেটের জঙ্গিদের হামলার ঘটনায় দুই দিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশ। জিম্মিদের ২০ জন নিহত হয়েছেন, যাঁদের বেশির ভাগই বিদেশি নাগরিক। দুই পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৩০ জন। বাংলাদেশি কমান্ডোরা ১৩ জনকে উদ্ধার করেছেন।
বিদেশি আর অভিজাতদের ওপর হামলা: ওয়াশিংটন পোস্ট
বাংলাদেশ এখন তার ইতিহাসের অন্যতম ভীতিকর সময় পার করছে। গত শুক্রবারের হামলা ছিল দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিক আর অভিজাতদের লক্ষ্য করে।
ঢাকা, ইস্তাম্বুল, ফালুজা—ইসলামিক স্টেট সন্ত্রাসের মানচিত্র: সিডনি মর্নিং হেরাল্ড
তুরস্কের ইস্তাম্বুল থেকে ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর ফালুজা বহুদূরে। বাংলাদেশের রাজধানী ঢাকাও তাই। কিন্তু ইসলামিক স্টেটের অন্ধকারময় ভূগোলে এই তিন এলাকা একসূত্রে গাঁথা। ফালুজায় প্রবলভাবে মার খাওয়া আইএসের জন্য বিশ্ববাসীর সামনে বড় ধরনের বার্তা পৌঁছানো জরুরি হয়ে পড়েছিল। এরই ধারায় গত সপ্তাহের মঙ্গলবারে ইস্তাম্বুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। আর তারপরই গত শুক্রবার ঢাকায় হামলা হলো। উভয় হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএস।
আমরা অমুসলিমদের হত্যা করতে এসেছি: লস অ্যাঞ্জেলেস টাইমস
পরিপাটি পোশাকের সশস্ত্র যুবকেরা বন্দুক, হাতে তৈরি বোমা আর তরবারি নিয়ে ঢাকার রেস্তোরাঁয় প্রবেশ করেন। জিম্মিদশা থেকে উদ্ধার হওয়া একজন বাংলাদেশি বলেছেন, হামলাকারীরা তাঁকে বলেছে, ‘আপনাদের ভয়ের কিছু নেই। আমরা অমুসলিমদের হত্যা করতে এসেছি।’
জঙ্গিরা ২০ জনকে হত্যার পর রেস্তোরাঁয় কমান্ডো অভিযান: গার্ডিয়ান
কমান্ডোদের অভিযানে ঢাকার রেস্তোরাঁয় ১৩ ঘণ্টার জিম্মি পরিস্থিতির অবসান ঘটে। এর আগে জঙ্গিরা ২০ জনকে হত্যা করে। এর আগেও দেশটিতে মুক্তমনা ব্লগার, লেখকদের হত্যার ঘটনা ঘটলেও এ হামলা ইসলামি জঙ্গিবাদের নতুন মাত্রা।
রমজানে বিদেশিদের হত্যায় প্রকম্পিত ঢাকা: আরব নিউজ
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, জিম্মিদের সামনে একটি পরীক্ষা রাখা হয়েছিল। হয় কোনো সুরা পড়ো, না হয় শাস্তি পাও। যাঁরা পড়তে পেরেছিলেন, তাঁদের খেতে দেওয়া হয়। আর যাঁরা পারেননি, তাঁদের নির্যাতন করে হত্যা করা হয়।
রক্তে মুক্ত গুলশান: আনন্দবাজার পত্রিকা
কলকাতার প্রভাবশালী বাংলা দৈনিক গতকাল রোববার তাদের প্রথম পাতার প্রধান খবর হিসেবে ছাপে ঢাকায় জঙ্গি হামলার খবর। পত্রিকাটি সাত কলামে শিরোনাম করেছে ‘রক্তে মুক্ত গুলশান’। পাশেই প্রথম কলামে আরেকটি খবর ‘জেএমবি চালাচ্ছে কারা, ভাবাচ্ছে দিল্লিকে’। বিশেষ ক্রোড়পত্রও বের করেছে আনন্দবাজার। এতে প্রকাশিত সংবাদের শিরোনাম ‘জঙ্গিরা জলাশয়ে ফেলেছে দেহ: কলেমা পড়তে না পারলেই গলায় কোপ’, ‘হিজাব নেই কেন, নেমে এল অস্ত্র’, ‘মগজধোলাই রুখতে মরিয়া হাসিনা’ ইত্যাদি।
আতঙ্কের ধোঁয়ায় ঢাকা: এই সময়
টাইমস গ্রুপের এই বাংলা দৈনিক প্রথম পাতায় সাত কলামজুড়ে শিরোনাম করেছে ‘আতঙ্কের ধোঁয়ায় ঢাকা, ১২ ঘণ্টার অপারেশনে খতম ৬ জঙ্গি, নিহত ২২’। এরপর ‘রক্তাক্ত ঢাকা’ শিরোনামে কয়েক পাতার বিশেষ ক্রোড়পত্র ছেপেছে। এতে বাংলাদেশের অধ্যাপক আনিসুজ্জামান ও অজয় রায়ের লেখা ছাপা হয়েছে।
ঢাকায় নৃশংস রাত: আজকাল
আজকাল পাঁচ কলামে শিরোনাম করেছে ‘ঢাকায় নৃশংস রাত: নিহত ২৮, ১ ভারতীয়সহ ১৭ বিদেশি। বেশির ভাগই ইতালি, জাপানের’। প্রথম পাতায় ছাপা হয়েছে সমরেশ মজুমদারের লেখা ‘৩ বার ওই রেস্তোরাঁয় গেছি’ শিরোনামের একটি নিবন্ধ। এ ছাড়া ‘রক্তাক্ত বাংলাদেশ’ শিরোনামে একটি বিশেষ ক্রোড়পত্র বের করেছে পত্রিকাটি।