'বাংলাদেশ কি সোনা চোরাচালানের রুট হয়ে গেল?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক বলেছেন, ‘বাংলাদেশ কি সোনা চোরাচালানের রুট হয়ে গেল? ৬০০ কেজি সোনা ধরা পড়ছে; কিন্তু ছয় হাজার কেজি সোনা ধরা পড়ছে না। বোঝা যায়, ৬০০ কেজি ধরা পড়ছে বরং ধরা না পড়া ছয় হাজার কেজি সোনাকে বৈধতা দেওয়ার জন্য।’

‘আন্তর্জাতিক কাস্টমস দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন তিনি।

বাংলাদেশ কাস্টমস আয়োজিত এ সেমিনারের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন এনবিআরের সদস্য ফরিদউদ্দিন। আর ‘ডিজিটাল কাস্টমস: ক্রমবর্ধমান সংযোগ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের কমিশনার লুৎফর রহমান।