'বাংলাদেশ থেকে বৈধ শ্রমিক নেওয়ার আগে অবৈধদের বহিষ্কার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার আগে সেখান থেকে সব অবৈধ বিদেশিদের বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে করে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন। খবর বারনামা।
জাহিদ হামিদি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিবাসী দপ্তর, পুলিশ, আধাসামরিক স্বেচ্ছাসেবী বাহিনী (আরইএলএ) এবং অন্যান্য সংস্থাগুলোর সাহায্যে পেনিনসুলা, সাবাহ ও সারাউক থেকে অবৈধ বিদেশিদের বিতাড়িত করতে যৌথ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে বৈধভাবে ১৫ লাখ শ্রমিক আনার আগে অবৈধভাবে যারা আছে তাদের মালয়েশিয়া বের করে দেওয়া হবে। তাদের এ সংখ্যা প্রায় ২০ লাখের মতো হবে।’ একই সময়ে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সাহায্যও চাইবে দেশটি। 

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাক বাংলাদেশ থেকে যেসব শ্রমিকদের আনার কথা বলেছেন তাদের বিশেষ নির্মাণকাজ, সেবা, উৎপাদন ও বাগানে কাজ করার জন্য নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে রাজনীতির কোনো ব্যাপার নেই। তিনি বলেন, এমন কোনো দেশ পাওয়া যাবে না, যারা বৈধ কাগজপত্র ও ভিসা ছাড়া বিদেশি শ্রমিকদের কাজ করতে দেয়।
উল্লেখ্য মালয়েশিয়া গত সপ্তাহে বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে।