'বাংলাদেশ নিয়ে নাক গলাবেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে নিন্দা প্রস্তাব গৃহীত হওয়ায় ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনারকে গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ সময় তাঁকে দেওয়া একটি কূটনৈতিক পত্রে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানকে ‘নাক গলাতে’ নিষেধ করা হয়েছে।
১৬ ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ (কেন্দ্রীয় পার্লামেন্ট) ও ১১ ডিসেম্বর পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে বাংলাদেশের জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়। এ ছাড়া পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান ১৪ ডিসেম্বর তাঁর ফাঁসির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেন।
এসব ঘটনার জের ধরে গতকাল বিকেল পাঁচটায় ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার মিয়া আফরাসিয়াব মেহেদি হাশমি কুরেশিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। মিনিট বিশেক অপেক্ষার পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সম্পর্কবিষয়ক সচিব মুস্তাফা কামালের সঙ্গে দেখা করেন। প্রায় ৩০ মিনিটের আলোচনায় কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের কার্যকলাপ নিয়ে বাংলাদেশের ক্ষোভ ও অসন্তোষের বিষয়গুলো কুরেশির কাছে তুলে ধরেন মুস্তাফা কামাল। এরপর তিনি পাকিস্তানের হাইকমিশনারের হাতে চার পৃষ্ঠার একটি চিঠি তুলে দেন।
ইসলামাবাদ থেকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়, সে সময় ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্রায় ৫০ জন লোক। পাকিস্তান সিভিল সোসাইটির ব্যানারে বিক্ষোভ হলেও এতে অংশগ্রহণকারীরা ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামীর সদস্য। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন। তাঁরা বলেন, কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে ‘বিচারকে খুন’ করা হয়েছে। পরে তাঁরা একটি স্মারকলিপি দেন। এর আগে শুক্রবার জুমার নামাজের পর করাচি ও লাহোরে নিজেদের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
পাকিস্তানের হাইকমিশনারকে তলবের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সন্ধ্যায় তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের নিন্দা প্রস্তাব অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে হাইকমিশনারকে ডেকে অত্যন্ত কড়া ও জোরালো ভাষায় প্রতিবাদ জানানো হয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাদের মোল্লার ফাঁসি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে নাক গলাবেন না। নাক গলানোর কোনো সুযোগ নেই। পাকিস্তানের জাতীয় পরিষদে এ নিয়ে প্রস্তাব গ্রহণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।’
পত্রে যা বলা হয়েছে: পাকিস্তানের হাইকমিশনারকে দেওয়া পত্রের শুরুতে দেশটির জাতীয় পরিষদ ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে নিন্দা প্রস্তাব গ্রহণের তীব্র প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, ফাঁসি কার্যকর করাকে পাকিস্তানের জ্যেষ্ঠ মন্ত্রী বিচার বিভাগীয় হত্যাকাণ্ড এবং বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে পুরোনো ক্ষতকে উসকে দেওয়া আখ্যা দিয়েছেন। বাংলাদেশ মনে করে, এ ধরনের মন্তব্য পুরোপুরি অসত্য, একপেশে এবং একেবারেই অযৌক্তিক।
চিঠিতে বিচারের প্রক্রিয়া সম্পর্কে পাকিস্তানকে মন্তব্য করা থেকে বিরত থাকতেও বলেছে বাংলাদেশ। এতে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ আশা করে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত ও বিচারব্যবস্থার প্রতি পাকিস্তানের সংশ্লিষ্ট ব্যক্তিরা যথাযথ শ্রদ্ধা দেখাবেন। আর সরকারের দায়িত্বশীল মহল নিজেদের আবেগ দমন করবে। বাংলাদেশ দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চায়, যুদ্ধাপরাধের বিচার এর অভ্যন্তরীণ বিষয়। তাই যুদ্ধাপরাধীদের বিচারকাজ বাতিল এবং ১৯৭১ সালের বিষয় উত্থাপন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আইন পরিষদে প্রস্তাব গ্রহণ করাটা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এটি দুই দেশের বন্ধুত্বের জন্যও শুভ লক্ষণ নয়।
চিঠিতে আরও বলা হয়েছে, ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে উড়ো ফোন আসছে। ওই সব ফোনে বাংলাদেশের কর্মকর্তাদের গালিগালাজ করার পাশাপাশি তাঁদের বিদ্বেষমূলক কথাবার্তা বলা হচ্ছে।
‘পাকিস্তান শোধরায়নি’: এদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সচিবালয়ে নিজের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘পার্লামেন্টের প্রস্তাব ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত হয়েছে, পাকিস্তান এখনো শোধরায়নি এবং একাত্তরের নীতি থেকে সরে আসেনি।’ তিনিও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ‘নাক না গলাতে’ পাকিস্তানের প্রতি আহ্বান জানান।
৩৬ পেশাজীবীর ক্ষোভ: কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের ঘটনায় পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব এবং এ বিষয়ে দেশটির অন্য ব্যক্তিদের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ৩৬ জন পেশাজীবী। গতকাল মঙ্গলবার তাঁদের এক যুক্ত বিবৃতিতে পাকিস্তান পার্লামেন্টের প্রস্তাবসহ বিভিন্ন বিষয় উল্লেখ করে বলা হয়, ‘এসব ঘটনা আমাদের দারুণভাবে বিস্মিত ও ক্ষুব্ধ করেছে। বিদেশি যেকোনো রাষ্ট্র, দল, সংগঠন, সরকার, প্রতিষ্ঠান, মন্ত্রী কিংবা বাংলাদেশে কর্মরত কূটনীতিকদের এ কথা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যা তার নিজস্ব সংবিধান ও আইন দিয়ে পরিচালিত হয়। ...যেকোনো রাষ্ট্র ও তাদের প্রতিনিধি, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিদের এ ধরনের আচরণ বাংলাদেশের মানুষের আবেগ, অনুভূতি ও হূদয়ে আঘাত দেওয়ার শামিল।’
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন আনিসুজ্জামান, রফিক-উল হক, কামাল লোহানী, সুলতানা কামাল, মুহম্মদ জাফর ইকবাল, গোলাম রাব্বানী, গোলাম সারওয়ার, আবেদ খান, মনজুরুল আহসান বুলবুল, শাহ্দীন মালিক, সারোয়ার আলী, শ্যামলী নাসরীন চৌধুরী, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির, নির্মলেন্দু গুণ, সৈয়দ শামসুল হক, নাসির উদ্দীন ইউসুফ, আলী যাকের, এম এম আকাশ, ফেরদৌসী প্রিয়ভাষিণী, ইয়াসমিন হক প্রমুখ।
‘কাদের মোল্লা নির্দোষ’: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ও সাবেক ক্রিকেট তারকা ইমরান খান মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা কাদের মোল্লাকে নির্দোষ বলে দাবি করেছেন। গত সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া ভাষণে ইমরান বলেন, ‘কাদের মোল্লা নির্দোষ। যে অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে, সেগুলোও ভুয়া।’
ইমরান খান বলেন, ‘১৯৭১ সালের ১৬ ডিসেম্বর “ঢাকার পতন” আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, পুরো ব্যাপারটির নিষ্পত্তি সে সময় গণতান্ত্রিকভাবেই হওয়া উচিত ছিল।’
সোমবার পাকিস্তান জাতীয় পরিষদে নিন্দা প্রস্তাবটি উত্থাপন করেন পাকিস্তানের জামায়াত-ই-ইসলামির (জেআই) নেতা শের আকবর খান। এতে বলা হয়, ১৯৭১ সালে পাকিস্তানকে সমর্থন করার কারণে বাংলাদেশে জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে। এ প্রস্তাবে সমর্থন জানায় সরকারি দল মুসলিম লিগ, তেহরিক-ই-ইনসাফ, আওয়ামী মুসলিম লিগ, পাকিস্তান মুসলিম লিগ (কায়েদে আজম) ও জমিয়তে উলামা ইসলাম। তবে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এতে সমর্থন দেয়নি। পিপিপির এমপি আবদুল সাত্তার বাচানি পরিষদকে এ ধরনের প্রস্তাব গ্রহণ না করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের উচিত হবে না একটি স্বাধীন ও সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এ ধরনের প্রস্তাব পাস করা।’