‘বাংলাদেশ প্রতিদিন’-এর বিরুদ্ধে মুন্সিগঞ্জে লেনিনের মামলা
বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম, প্রকাশক মোস্তফা কামাল মহিউদ্দীন, মুন্সিগঞ্জ প্রতিনিধি লাভলু মোল্লা ও মানবাধিকারবিষয়ক লেখক সালাম আজাদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার মামলা হয়েছে। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেনিন বাদী হয়ে এ মামলা করেছেন। মুন্সিগঞ্জ জেলা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিকুল ইসলামের আদালতে এই মামলা করা হয়। আসামিদের আগামী ১৮ এপ্রিল আদালতে হাজির হওয়ার নিদের্শ দেওয়া হয়েছে। জানা যায়, ১ মার্চ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘জমিদার বাড়ির দখল নিলেন কমিউনিস্ট লেনিন’—এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সালাম আজাদ নূহ-উল-আলম লেনিনকে নিয়ে যে বক্তব্য প্রদান করেছেন সেই বক্তব্য মিথ্যা ও সম্মানহানি করা হয়েছে উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় সালাম আজাদকে ১ নম্বর আসামি করা হয়েছে। সালাম আজাদের এই বক্তব্য প্রকাশ করায় প্রতিবেদক মুন্সিগঞ্জ প্রতিনিধি লাভলু মোল্লাকে ২ নম্বর আসামি ও সংবাদটি প্রকাশ করায় সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক মোস্তফা কামাল মহিউদ্দীনকে ৩ ও ৪ নম্বর আসামি করা হয়।