মুক্ত আসরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
'বাংলাদেশ-বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ শব্দ তিনটি স্মরণ করতে হবে'

ভাষাসংগ্রামী ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছেন মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন ‘মুক্ত আসর’। আজ শুক্রবার সংগঠনটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একজন ভাষাসংগ্রামী ও পাঁচজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।
রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মুক্ত আসরের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাসুদুর রহমান বীর প্রতীক, মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, আবুল হাসান শেখ ও আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে ভাষাসংগ্রামী দেশবরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার, মুক্তিযোদ্ধা ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ দীপক কুমার নাগ, শামসুননাহার রশীদ, মো. আবদুর কাদির, সংগীতশিল্পী মনোরঞ্জন ঘোষাল ও এস এম লিয়াকত হোসেনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। তবে অনিবার্য কারণে শিল্পী মুস্তাফা মনোয়ার অনুষ্ঠানের উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে মাসুদুর রহমান বলেন, ‘তরুণদের এখন দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে দেশ ব্যর্থ হয় না, দেশ পরিচালনাকারীদের ব্যর্থতা দেশের ব্যর্থতা বললে ভুল হবে। তরুণদের এই সংগঠনটি যেন সারা বাংলাদেশের ছড়িয়ে যায়। তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।’

সংগীতশিল্পী মনোরঞ্জন ঘোষাল বলেন, ‘তরুণদের বেশি করে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানা উচিত। বাংলাদেশ-বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ শব্দ তিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।’
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের কথা তুলে ধরে শামসুননাহার রশীদ জানান, ৯ নম্বর সেক্টরে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ করলেও মুক্তিযুদ্ধের সনদ তিনি নেননি। তিনি আরও বলেন, ‘স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি কোনো কিছু পাবার আশা নয়।’
নড়াইল থেকে এসেছেন এস এম লিয়াকত হোসেন। মুক্ত আসরের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে এই দেশ ও পতাকাকে সংরক্ষণ করতে হবে।’
ভাষা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননার সঙ্গে ছিল তরুণদের জন্য ‘মুক্ত আসর-তারুণ্য পুরস্কার’। দেশের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের কাজের অবদানের জন্য ‘ প্রত্নবাংলা’ নামে একটি সংগঠনকে মুক্ত আসর-তারুণ্য পুরস্কার ২০১৪ প্রদান করা হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। একাত্তরের চিঠি পাঠ করেন মুক্তবন্ধু হাবিবা খানম। এ ছাড়া গান ও আবৃত্তি পরিবেশন করেন স্বর্ণালী সরকার, মৃদুল কুমার ব্যাপারী, সঞ্চয় হালদার, নূরে আলম, তাহমিনা তমাসহ অনেকেই।