'বাংলাদেশ-ভারত ছিটমহল : অবরুদ্ধ ৬৮ বছর' শীর্ষক গবেষণাগ্রন্থের ওপর সেমিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম রব্বানীর গবেষণাগ্রন্থ ‘বাংলাদেশ-ভারত ছিটমহল : অবরুদ্ধ ৬৮ বছর’–এর পর্যালোচনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের এম আর মল্লিক লেকচার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ এই সেমিনারের আয়োজন করেছে। আলোচনায় অংশ নিয়ে প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ছিটমহল সংকটের ৬৮ বছর এক অর্থে লেখকদেরও অবরুদ্ধতার ৬৮ বছর। কেননা এই ৬৮ বছরে ছিটমহল নিয়ে লেখালেখি হয়েছে একেবারেই কম। গোলাম রব্বানীর এই বইটি সেই পরিস্থিতি থেকে বের হওয়ার একটি প্রয়াস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন বলেন, দীর্ঘদিনের জিইয়ে রাখা ছিটমহল সংকটের সমাধান হয়েছে ঠিকই, কিন্তু তিস্তার পানিবণ্টনসহ অনেক সমস্যাই ঝুলে আছে। সেসব নিয়েও কাজ হওয়া দরকার। কারণ, সমস্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে না পারলে সমাধানের পথও খুঁজে পাওয়া সম্ভব নয়।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি আরিফা সুলতানার সভাপতিত্বে এই সেমিনারে আরও উপস্থিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডিন মোজাম্মেল হক, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন, ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান প্রমুখ।
গোলাম রব্বানীর এই গবেষণাগ্রন্থটি ২০১৭ সালের নভেম্বরে প্রথমা থেকে প্রকাশিত হয়।