'বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে'

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনারাও রক্ত দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দুই দেশের মধ্যে একটি শক্তিশালী সম্পর্কের বীজ বপন করেছিলেন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে সেই সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছে গেছে। এই সম্পর্ক চিরদিন অবিচ্ছেদ্য থাকবে বলে তাঁর আশা।
ভারতীয় হাইকমিশনার আজ সোমবার সকালে নাটোরের শ্রী শ্রী জয়কালী মন্দির পুনঃ নির্মাণকল্পে ভারত সরকারের উন্নয়ন সহযোগিতার চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন।
বেলা ১১টার দিকে ভারতীয় হাইকমিশনার মন্দির প্রাঙ্গণে যান। সেখানে এক অনুষ্ঠানে তিনি মন্দির কর্তৃপক্ষের কাছে মন্দির পুনঃ নির্মাণের জন্য ভারত সরকারের ৯৭ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় তিনি আশা প্রকাশ করেন, আগামী ছয় মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে। পরে দুপুর ১২টার মধ্যে তিনি নাটোর ত্যাগ করেন।
খগেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাটোর-২ (সদর) আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল, রাজশাহীতে কর্মরত ভারতের সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়, নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অনিশ কুমার সরকার। অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের পক্ষে হাইকমিশনারকে শুভেচ্ছা উপহার তুলে দেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন সাহা। জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক হাইকমিশনারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।